২০২৬ ফুটবল বিশ্বকাপে ঘটছে একের পর এক চমকপ্রদ ঘটনা। মাঠের ফুটবলে তো চমক দেখা যাচ্ছেই। পাশাপাশি অন্যান্য ঘটনা নিয়েও চলছে নানা রকম আলোচনা। এবার অনুশীলন চলার সময় ড্রোন উড়ে যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো।
গুয়াদালহারায় বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় শুরু হবে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচ। স্বাগতিকদের বিপক্ষে নামার আগে অনুশীলনে যখন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা ব্যস্ত, তখন ড্রোন উড়ে গিয়েছিল। এই ড্রোন শিষ্যদের অনুশীলনে বিঘ্ন সৃষ্টি না করলেও এ ধরনের ঘটনা মানতে পারছেন না কোচ মিউং-বো। গতকাল সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার কোচ বলেন, ‘এটা (ড্রোন উড়ে যাওয়া) আমাদের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। কিন্তু আমরা যখন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যেটা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক।’
মিউং-বোর মতে, স্বাগতিক দর্শকদের বিপক্ষে এমন পরিস্থিতিতে আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর শিষ্যদের। তাই দক্ষিণ কোরিয়া কোচ তেমন একটা চিন্তিত নন। মেক্সিকো ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে মিউং-বো বলেন, ‘আমাদের ফুটবলারদের এ ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আগেও রয়েছে। আগামীকালের পরিস্থিতি ভিন্ন হবে। ম্যাচের ছন্দ ও গতি নিয়ন্ত্রণে রাখতে হবে।’
গুয়াদালহারা স্টেডিয়ামটি মেক্সিকোর জালিস্কো রাজ্যে অবস্থিত। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ এই রাজ্যে নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে কর্তৃপক্ষ। কারণ, জালিস্কো রাজ্যে দীর্ঘদিন ধরে মাদক পাচারের রুট ও অন্যান্য অপরাধকে কেন্দ্র করে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বেড়েছে। তাতে ভীষণ অনিরাপদ হয়ে পড়েছে মেক্সিকোর এই রাজ্য।
দক্ষিণ কোরিয়ার ফুটবল ইতিহাসে সেরা সাফল্য এসেছিল ২০০২ বিশ্বকাপেই। ওই বছর তারা সেমিফাইনাল খেলেছিল। এশিয়ার দলগুলোর মধ্যে বিশ্বকাপে এটা সেরা সাফল্য। জাপান-দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে হওয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এটাই ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ শিরোপা। ২৪ বছর ধরে হেক্সা মিশনের উদ্দেশ্যে ছুটছে সেলেসাওরা।