ঢাকা | বঙ্গাব্দ
ad728

আমিরাতের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, পড়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তায়

আয়েশা মল্লিক তুষমি
আয়েশা মল্লিক তুষমি, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
আমিরাতের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, পড়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তায়
মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন? সংযুক্ত আরব আমিরাতে পড়াশোনার সেই স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে এসেছে মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

২০২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে পোস্টগ্র্যাজুয়েট বৃত্তির আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণায় বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টি ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

সুযোগ-সুবিধা
এমবিজেডইউএআইয়ের এই বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীদের শতভাগ টিউশন মওকুফ করা হবে। পাশাপাশি প্রতি মাসে উপবৃত্তি, বিনামূল্যে আবাসনের সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। শিক্ষার্থীরা এখানে বিশ্বমানের শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন।

অধ্যয়নের ক্ষেত্র

এই বৃত্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। এর মধ্যে মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং উল্লেখযোগ্য।

মাস্টার্সে আবেদনের যোগ্যতা

মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর ন্যূনতম সিজিপিএ ৩.২ হতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার সনদ এবং স্টেটমেন্ট অব পারপাস জমা দিতে হবে। গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন বা জিআরইয়ের স্কোর থাকলে তা জমা দিতে হবে।

পিএইচডিতে আবেদনের যোগ্যতা

পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। এ ক্ষেত্রেও ন্যূনতম সিজিপিএ ৩.২ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, স্টেটমেন্ট অব পারপাস এবং গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। মাস্টার্স প্রোগ্রামের মতো পিএইচডি আবেদনকারীদের জন্যও জিআরই স্কোর ঐচ্ছিক।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের এমবিজেডইউএআইয়ের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এই লিংকে গিয়ে।

আবেদনের শেষ সময়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এমবিজেডইউএআই পোস্টগ্র্যাজুয়েট বৃত্তির আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর, ২০২৬।
ad728
ad600