ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) একাডেমিক কার্যক্রমে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার, পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি না নেওয়া এবং মানোন্নয়ন পরীক্ষায় যৌক্তিক হারে ফি নির্ধারণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
আজ সোমবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন বরাবর দেওয়া চিঠিতে এসব দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. সালমা বেগম ও ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে মেনশন করা হয়েছে।
স্মারকে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বৈষম্য এবং একাডেমিক-প্রশাসনিক বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র ও সুসংগঠিত একাডেমিক পরিবেশের প্রত্যাশা করছেন।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে সাত কলেজের একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন নোটিশে ‘অধিভুক্ত’ শব্দটি ব্যবহার করতো, বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন নোটিশেও তেমনি সাত কলেজকে ‘সংযুক্ত’ বলে ব্যবহার করা হচ্ছে বলে স্মারকে বলা হয়েছে।
শিক্ষার্থীদের ভাষ্য, প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে ‘সংযুক্ত’ শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা থাকতে পারে। তবে একাডেমিক কার্যক্রমে, বিশেষ করে পরীক্ষা ও সংশ্লিষ্ট নোটিশে এ শব্দের ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করছে।
একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তারা স্বতন্ত্র একাডেমিক পরিচয় ও কার্যক্রম প্রত্যাশা করছেন বলে স্মারকে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার ফরম পূরণ এবং মানোন্নয়ন পরীক্ষা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আমলের ন্যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২১-২২ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে কোনো অতিরিক্ত ফি আদায় না করা।
মানোন্নয়ন পরীক্ষার্থীদের কাছ থেকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ও যৌক্তিক হারে ফি নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। কোনো ধরনের অতিরিক্ত বা অযৌক্তিক ফি আদায় না করার আহ্বান তাদের।
এ ছাড়া কোনো শিক্ষাবর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র/খাতা, পরীক্ষা-সংক্রান্ত নোটিশসহ একাডেমিক কার্যক্রমে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহারের দাবি জানানো হয়েছে চিঠিতে।
শিক্ষার্থীরা মনে করছেন, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে তাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পরিচয় নিশ্চিত করা প্রয়োজন।
স্মারকে আরও বলা হয়েছে, দাবিগুলো যথাযথভাবে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত লিখিত সিদ্ধান্ত জানাতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা জারি করার দাবিও জানানো হয়েছে।
শিক্ষার্থীরা আশা করছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন তাদের যৌক্তিক দাবি ও উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, সমতা ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন নোটিশ, অফিস আদেশ বা বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত’ শব্দটির ব্যবহার দেখা যায়। বিশেষ করে ইউনিভার্সিটি থেকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন নোটিশে ‘সংযুক্ত’ শব্দটির ব্যবহার বেশি দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন, কলেজ শিক্ষকরা এই শব্দটি ব্যবহারে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন। বিশ্ববিদ্যালয়ের আইন মেনে তাদের এমন আগ্রহ থেকে বেরিয়ে আসতে হবে।
























