জীবন সব সময় একই রকম থাকে না। কখনো সাফল্য আসে, চারপাশ থেকে প্রশংসা মেলে। আবার কখনো চেষ্টা করেও অগ্রগতি চোখে পড়ে না। পুরস্কারের নিশ্চয়তাও থাকে না। এমন সময়েই অনেকেই থেমে যান।
জনপ্রিয় আমেরিকান উদ্যোক্তা ও লেখক সাহিল ব্লুম মনে করেন, জীবনের কঠিন সময়গুলোতেই চেষ্টা চালিয়ে যাওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি।
তার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছেন—জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো কঠিন পরিস্থিতিতেও নিজের জায়গায় থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই উপলব্ধির কথা জানিয়েছেন ব্লুম।
তিনি উল্লেখ করেছেন, ‘পাশে থাকা’ বা নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়টি শুনতে খুব সাধারণ মনে হতে পারে। কিন্তু বাস্তবে এটি বেশ বিরল।
কারণ, যখন মানুষ প্রশংসা পায়, পুরস্কারের নিশ্চয়তা থাকে এবং নিজের অগ্রগতি স্পষ্টভাবে দেখা যায়, তখন এগিয়ে যাওয়া তুলনামূলক সহজ। কঠিন হয়ে যায় তখনই, যখন এসবের কোনোটিই থাকে না।
ব্লুমের ভাষ্য, এমন পরিস্থিতিতে বেশির ভাগ মানুষই থেমে যান। কিন্তু অল্প কিছু মানুষ আছেন, যারা কঠিন সময়েও চেষ্টা চালিয়ে যাওয়ার সাহস রাখেন।
তাই পরিস্থিতি অনুকূলে না থাকলেও নিজের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, সময় কঠিন হলেও চেষ্টা করতে হবে। কেউ দেখছে না, তবুও চেষ্টা করতে হবে। নিজের ইচ্ছা করছে না, তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। এমনকি ফলাফল কী হবে, তা নিশ্চিত না হলেও থেমে যাওয়া উচিত নয়।
ব্লুম তার পোস্টের শেষদিকে একটি সহজ কিন্তু তাৎপর্যপূর্ণ কথা তুলে ধরেছেন। যে মানুষটি শুধু নিয়মিতভাবে চেষ্টা করে যায়, তার বিরুদ্ধে কখনো বাজি ধরা উচিত নয়।
তার বার্তার মূল কথা হলো, সাফল্য সব সময় সঙ্গে সঙ্গে ধরা দেয় না। অগ্রগতিও সব সময় চোখে পড়ে না। কিন্তু সেই সময়েও চেষ্টা চালিয়ে যাওয়াই হয়তো ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করে।
ব্লুমের এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু প্রতিক্রিয়া দেখা যায়।
একজন মন্তব্য করেছেন, ‘অগ্রগতি যখন চোখে পড়ে না, তখনই ধারাবাহিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
আরেকজন লিখেছেন, ‘সত্যি বলতে, নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়াই আপনার সাফল্যের পেছনের শক্তি।’
সূত্র : এনডিটিভি





















