ঢাকা | বঙ্গাব্দ
ad728

তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন

আয়েশা মল্লিক তুষমি
আয়েশা মল্লিক তুষমি, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন
তুরস্কের সাবানজি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে তুরস্কের সাবানজি বিশ্ববিদ্যালয়। ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির আওতায় টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক উপবৃত্তি ও আবাসন সুবিধার সুযোগ রয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সাবানজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। প্রকৌশল, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, ব্যবসায় শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

সুযোগ-সুবিধা

সাবানজি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির অন্যতম আকর্ষণ হলো টিউশন ফি সম্পূর্ণ মওকুফের সুযোগ। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সুবিধা পাবেন। তবে আর্থিক সহায়তার পরিমাণ ও সুযোগ-সুবিধা শিক্ষার স্তর এবং বৃত্তির ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তির আওতায় ১০ মাসের জন্য প্রতি মাসে ২ হাজার ৫০০ তুর্কি লিরা উপবৃত্তি এবং দুই শিক্ষার্থীর থাকার উপযোগী কক্ষে আবাসন-সুবিধা দেওয়া হবে।

পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা জন্য ১২ মাসের জন্য প্রতি মাসে ৩ হাজার তুর্কি লিরা উপবৃত্তি ও আবাসন সুবিধা পাবেন। স্নাতক পর্যায়ের আবেদনকারীদেরও বৃত্তিটির আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। তবে কোন শিক্ষার্থী কী পরিমাণ সুবিধা পাবেন, তা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন ও বৃত্তির শর্তের ওপর নির্ভর করবে।

অধ্যয়নের ক্ষেত্রগুলো

সাবানজি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞানের আওতায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, সাইবার নিরাপত্তা, ইলেকট্রনিকস প্রকৌশল, জ্বালানি প্রযুক্তি ও ব্যবস্থাপনা, শিল্প প্রকৌশল, উৎপাদন প্রকৌশল, পদার্থবিজ্ঞান, গণিত, মেকাট্রনিকস এবং আণবিক জীববিজ্ঞান, জেনেটিকস ও জৈবপ্রকৌশল বিষয়ে পড়তে পারবেন শিক্ষার্থীরা।

এ ছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান, সাংস্কৃতিক অধ্যয়ন, তুর্কি অধ্যয়ন এবং ভিজ্যুয়াল আর্টস ও ভিজ্যুয়াল কমিউনিকেশন ডিজাইন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বিজনেস অ্যানালিটিকস, ব্যবস্থাপনা ও এমবিএ প্রোগ্রামেও আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা

বৃত্তির জন্য আবেদনকারীদের অবশ্যই নির্বাচিত প্রোগ্রামের ভর্তি সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। স্নাতক, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের শর্ত আলাদা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নিয়ম অনুযায়ী আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

আবেদনের পদ্ধতি

স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির শর্ত এবং আবেদনের বিস্তারিত জানা যাবে এই লিংকে গিয়ে। আর স্নাতক পর্যায়ের ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এই লিংকে গিয়ে।

আবেদনের শেষ সময়

মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর, ২০২৬। স্নাতক পর্যায়ের আবেদনের সময়সীমা সংশ্লিষ্ট ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাই করতে হবে।
ad728
ad600