ঢাকা | বঙ্গাব্দ
ad728

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

সেন্ট্রাল ডেস্ক
ফেসবুকে শেয়ার
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (২৩) প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এতে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।

আজ সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীষ প্রতীকে ভোট করতে চেয়েছিলেন। তবে ১২ ফেব্রুয়ারির ভোটে শেষ পর্যন্ত তিনি দলের মনোনয়ন পাননি।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

এরপর আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১২ অক্টোবর ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া সেরে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ রাখা হয়েছে তফসিলে।

সংরক্ষিত নারী আসনের এই উপনির্বাচনকে ঘিরে গত ১৬ অক্টোবর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। ৭০ জন নারী দলটির ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ৬৮ জন আবেদনপত্র জমা দেন।

বিএনপির মনোনয়ন পাওয়া এলিজা জামান দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় মহিলা দলের সঙ্গে যুক্ত। তার পিতা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য।
ad728
ad600