‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’–এই স্লোগান সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে ময়মনসিংহে চলছে ‘ক্লিন সানডে’ কর্মসূচি। এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসিস অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ দেওয়া হয়েছে।
গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অক্টোবর মাসের সেরা পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিষ্ঠানগুলোকে ডাস্টবিন, বেলচাসহ প্রয়োজনীয় সরঞ্জাম উপহার দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীলতা বাড়ানো। নিয়মিত পরিচ্ছন্নতা চর্চার মাধ্যমে শিক্ষাঙ্গনকে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অক্টোবর মাসে ‘ক্লিন সানডে’ কর্মসূচিতে স্বীকৃতি পাওয়া ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো–ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ, বারোয়ামারী উচ্চ বিদ্যালয়, দুল্লা উচ্চ বিদ্যালয়, কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয়, বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, ধাইরপাড়া উচ্চ বিদ্যালয়, মোজাহারদি উচ্চ বিদ্যালয়, ডিএস আলিম মাদ্রাসা এবং জনতা উচ্চ বিদ্যালয়।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব, উদ্যোগ ও সমন্বয়ের জন্য ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে ‘ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ অক্টোবর-২০২৬ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তোলার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার সংস্কৃতি আরও জোরদার করবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে উৎসাহিত হবে।
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’–এই প্রত্যয় সামনে রেখে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন সানডে’ কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়েছে।


.jpg)

















