স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, বাংলাদেশের একটি সাইবার অপরাধী গোষ্ঠী এ ঘটনা নিয়ে বিভিন্ন অনলাইন গ্রুপে উল্লাস করছে।
গতকাল শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা জানিয়েছেন ফারুকী। তার ভাষ্য, অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা ও সেটি নিষ্ক্রিয় করে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট অনলাইন গ্রুপগুলোর স্ক্রিনশট তার কাছে রয়েছে। এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা চেয়েছেন তিনি।
ফারুকী বলেন, সকালে ঘুম থেকে উঠে তিনি অ্যাকাউন্টের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা দেখতে পান। তার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে সেটি নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। একটি বাংলাদেশি সাইবার অপরাধী গোষ্ঠী বিভিন্ন গ্রুপে এ ঘটনা উদ্যাপন করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ডকে নাগরিক নিরাপত্তার বিষয় হিসেবে উল্লেখ করে ফারুকী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিষয়ে তৎপর হওয়া প্রয়োজন।
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন এবং এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কথা বলতে আগ্রহী নন বলে জানিয়েছেন ফারুকী। তার দাবি, এসব খবরের কোনো ভিত্তি নেই।
ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেছেন, এসব খবর নিয়ে কথা বলার সময় বা আগ্রহ তার নেই। যারা এসব কথা ছড়াচ্ছেন, তাদের বক্তব্যে কান দেওয়ারও প্রয়োজন মনে করেন না তিনি।
অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে তার বাড়ি থাকার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আলোচনাকেও কৌতুকপ্রদ বলে মন্তব্য করেছেন ফারুকী। তার ভাষ্য, এ ধরনের দাবি সহজেই যাচাই করা সম্ভব। তাঁকে নিয়ে অতীতেও এমন অপপ্রচার হয়েছে।
এসব অপ্রাসঙ্গিক বিতর্কের বদলে তার কাজ নিয়ে লেখার আহ্বান জানিয়েছেন তিনি।
বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারুকী। তিনি জানিয়েছেন, সম্প্রতি দুটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। এর একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের, অন্যটি নির্মাণসামগ্রী-সংক্রান্ত প্রতিষ্ঠানের। বিজ্ঞাপন দুটির শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।
শিগগিরই তৃতীয় আরেকটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু হবে। এতে একজন তারকা থাকবেন। তবে তাঁর পরিচয় এখনই প্রকাশ করেননি ফারুকী। আগামী এক দিনের মধ্যে তা জানাতে পারেন বলে উল্লেখ করেছেন তিনি।
বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি দুটি চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়েও কাজ করছেন ফারুকী। এর একটি প্রেমের গল্প। আপাতত ছবিটির নাম রাখা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’।
ফারুকীর ভাষ্য, এটি থ্রিলারধর্মী ছবি নয়। নতুন প্রজন্মের কাছে প্রেমের সংজ্ঞা বদলে যাচ্ছে। জেন-জি প্রজন্মের ভালোবাসার ধরন ও নতুন ধারণাগুলো ছবিতে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। এর চিত্রনাট্যের কাজ প্রায় শেষ।
অন্য চলচ্চিত্রটির পটভূমি রাজনৈতিক। সেটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে কোন ছবিটির নির্মাণকাজ আগে শুরু হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি এই নির্মাতা।
এদিকে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে জানতে নুসরাত ইমরোজ তিশাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
দীর্ঘদিন ধরে শোবিজে পরিচিত ফারুকী ও তিশা ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন। ২০২২ সালে তাদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়।
তিশা টেলিভিশন নাটকের পাশাপাশি ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’, ‘মায়াবতী’ ও ‘ফাগুন হাওয়ায়’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ এবং অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
অন্যদিকে, ১৯৯৯ সালে নির্মাণ শুরু করেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘চাবিয়াল’ ব্যানারে তিনি ‘স্পার্টাকাস ’৭১’, ‘একান্নবর্তী’, ‘সিক্সটিনাইন’ ও ‘৪২০’-এর মতো একক ও ধারাবাহিক নাটক নির্মাণ করেন।
পরে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ ও ‘ডুব’-এর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ মুক্তি পায় ২০২৪ সালে। এরপর তাকে আর কোনো চলচ্চিত্র নিয়ে পর্দায় দেখা যায়নি।


.jpg)

















