ঢাকা | বঙ্গাব্দ
ad728

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফকে প্রত্যাহারের পেছনে যা জানা যাচ্ছে

শাফিন জামান
শাফিন জামান, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফকে প্রত্যাহারের পেছনে যা জানা যাচ্ছে
ইউসুফ আলী। ছবি : সংগৃহীত
রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে হঠাৎ প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার তাকে তাৎক্ষণিকভাবে কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়।

নির্দেশ পাওয়ার পরপরই তিনি রাজশাহী ত্যাগ করেন। বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হঠাৎ করে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে এভাবে অবমুক্ত করার পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে, তা নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহারের আনুষ্ঠানিক কারণ হিসেবে প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হলেও, ঘটনার নেপথ্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। 

মঙ্গলবার রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে বিদায় জানানোর সময় রাষ্ট্রাচার (প্রোটোকল) লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রশাসনিক নানা সূত্রের বিশ্লেষণ থেকে ধারণা করা হচ্ছে, এই রাষ্ট্রাচার লঙ্ঘনের ঘটনাই তার হঠাৎ প্রত্যাহারের মূল অনুঘটক হিসেবে কাজ করেছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় রাষ্ট্রাচারের সারিতে দাঁড়িয়ে ছিলেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হ্যান্ডশেক করার সময় তিনি প্রধানমন্ত্রীর দিকে কিছুটা ঝুঁকে এগিয়ে যান। দেখে মনে হচ্ছিল, তিনি রাষ্ট্রাচারের নির্ধারিত সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন।

নিয়ম ভেঙে তার এমন আচরণ কর্মকর্তা ও সাধারণ মানুষের মাঝে নানা আলোচনার জন্ম দেয়।

বিভাগীয় কমিশনারকে হঠাৎ সরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, প্রশাসনিক কারণেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রশাসনে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং নিয়মিতই এমন রদবদল হয়ে থাকে।

তবে কি কারণে সুনির্দিষ্টভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকালেই অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদেশ পাওয়ার পর মঙ্গলবার রাতেই তিনি বিভাগীয় কমিশনারের দায়িত্ব হস্তান্তর করেন।

এরপর একটি ব্যক্তিগত গাড়িতে করে তিনি রাজশাহীর তালাইমারী এলাকা অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পৌঁছেছেন।
ad728
ad600