ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক ইয়ার ফাইনাল পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। পূর্বের নিয়ম অনুযায়ী এক ক্যাম্পাসের শিক্ষার্থীরা অন্য ক্যাম্পাসে গিয়ে আসন্ন পরীক্ষাগুলোতেও অংশ নেবেন বলে ‘আপাতত’ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কলেজ অধ্যক্ষরাও এতে সম্মতি জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত ক্যাম্পাসের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা আয়োজনের সক্ষমতা এখনো অর্জিত না হওয়ায় ‘আপাতত’ আগের নিয়মই বহাল রাখা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। এতে সাত ক্যাম্পাসের অধ্যক্ষদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনের পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে ‘একাডেমিক পরীক্ষা’ নেওয়া শুরু করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। গত ৩ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়। ২০২৭ সালের ১৪ জানুয়ারি বিজ্ঞান অনুষদের গণিত নন-মেজর বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শেষ হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া প্রথম ব্যাচ। এই ব্যাচের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার মধ্যেই আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন তিন ধরনের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সার্বিক বিবেচনায় ইয়ার ফাইনাল পরীক্ষাগুলোর বিষয়ে আমরা আগের প্র্যাকটিসই অনুসরণ করব। এটা আমাদের আপাতত সিদ্ধান্ত। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রশাসন এখনো সক্ষম নয়। সক্ষমতা অর্জিত হলে পরবর্তী ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো নিজ নিজ ক্যাম্পাসে আয়োজনের ব্যবস্থা করব।’
এর আগে, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য ২০২১-২২ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা থেকে নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্র করার দাবিতে কলেজগুলোর অধ্যক্ষদের স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসনকেও।
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিজ ক্যাম্পাসের পরিবর্তে অন্য ক্যাম্পাসে গিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ায় তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। পরীক্ষার দিনগুলোতে যাতায়াতের বিড়ম্বনা, যানজট, অনাকাঙ্ক্ষিত সড়ক পরিস্থিতি, অপরিচিত ক্যাম্পাসে পরীক্ষার কক্ষ খুঁজে পেতে সমস্যা এবং পর্যাপ্ত ওয়াশরুমসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব তাদের নানা সংকটে ফেলছে।
সরকারি বাঙলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, এক কলেজের পরীক্ষার কেন্দ্র অন্য কলেজে হওয়ায় অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত অবস্থায় পরীক্ষার হলে প্রবেশ করেন। এতে পরীক্ষার আগেই মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি তৈরি হয়। যা পরীক্ষায় মনোযোগ, স্বাভাবিক কর্মক্ষমতা এবং কাঙ্ক্ষিত ফল অর্জনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ঢাকা কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র ইডেন মহিলা কলেজ। সরকারি তিতুমীর কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র সরকারি বাঙলা কলেজ। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র ইডেন মহিলা কলেজ। ইডেন মহিলা কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
অবশ্য সক্ষমতা না থাকলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন চাইছে, আসন্ন ইয়ার ফাইনাল থেকেই নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্র করতে। তবে এই বিষয়ে সম্মতি ছিল না সভায় উপস্থিত কোনো অধ্যক্ষের। সক্ষমতা ছাড়া এখনই নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্র রাখলে কি কি অসুবিধা হতে পারে, সেগুলো তুলে ধরে এক কলেজের কেন্দ্র আরেক কলেজে রাখার বিষয়ে তারা মত দেন। সক্ষমতা সাপেক্ষে আরও সময় নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন অধ্যক্ষরা।
উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ ছাড়া অন্য কলেজগুলোর শিক্ষার্থীদের এক কলেজ থেকে অন্য কলেজে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কারণ, এই দুটি কলেজ ছাড়া বাকি ক্যাম্পাসগুলো প্রায় কাছাকাছি। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষার সময় আগের তুলনায় বাসের সংখ্যা বাড়ানোর জন্য এই দুই কলেজের প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।’


.jpg)















