ঢাকা | বঙ্গাব্দ
ad728

ব্রহ্মপুত্রের ওপর হচ্ছে স্টিল আর্চ সেতু, ব্যয় ৩২৬৩ কোটি টাকা

ন্যাশনাল ডেস্ক
ফেসবুকে শেয়ার
ব্রহ্মপুত্রের ওপর হচ্ছে স্টিল আর্চ সেতু, ব্যয় ৩২৬৩ কোটি টাকা
মূল সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ১ কিলোমিটার। এর মধ্যে ৩২০ মিটারজুড়ে থাকবে দৃষ্টিনন্দন স্টিল আর্চ। সেতুর দুই প্রান্তে পিলার থাকলেও নদীর মাঝখানে কোনো পিলার থাকবে না।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত হচ্ছে দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চ সেতু। অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে তৈরি হচ্ছে কেওয়াটখালী সেতুটি। ৩ হাজার ২৬৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ ইতিমধ্যে ২৭ শতাংশ শেষ হয়েছে।

শুরুতে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরসহ নানা জটিলতায় নির্মাণকাজে ধীরগতি থাকলেও এখন পুরোদমে চলছে কাজ। ২০২৮ সালের জুনের মধ্যে সেতুটি চালু হলে ময়মনসিংহের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। কমবে যানজট, বাড়বে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাদের সঙ্গে  কথা বলে জানা গেছে, মূল সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ১ কিলোমিটার। এর মধ্যে ৩২০ মিটারজুড়ে থাকবে দৃষ্টিনন্দন স্টিল আর্চ। সেতুর দুই প্রান্তে পিলার থাকলেও নদীর মাঝখানে কোনো পিলার থাকবে না। দুই পাশের সংযোগ সড়কসহ পুরো প্রকল্পের দৈর্ঘ্য ৬ দশমিক ২ কিলোমিটার।

সেতুটিতে থাকছে ছয় লেনের যোগাযোগব্যবস্থা। এ ছাড়া নির্মাণ করা হচ্ছে ৫৫১ মিটার সড়ক ওভারপাস ও ২৪০ মিটার রেলওয়ে ওভারপাস। প্রকল্পের অন্যান্য অবকাঠামোর মধ্যে রয়েছে টোল প্লাজা, বিশ্রামাগার, ওয়াচ টাওয়ার ও দৃষ্টিনন্দন পার্ক। ধীরগতির যানবাহনের জন্য রাখা হয়েছে পৃথক লেনের ব্যবস্থাও।

প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরু থেকেই নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে কেওয়াটখালী সেতুর নির্মাণকাজ। ভূমি অধিগ্রহণের পাশাপাশি বিদ্যুতের খুঁটি, গ্যাসলাইনসহ বিভিন্ন ইউটিলিটি স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দেয়। নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো কর্মস্থল বুঝিয়ে দিতে না পারায় কাজ ব্যাহত হয়। পরে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ও কারিগরি কিছু জটিলতায় কয়েক মাস নির্মাণকাজের গতি আরও কমে যায়। তবে এসব বাধা কাটিয়ে বর্তমানে পুরোদমে চলছে কাজ।

কেওয়াটখালী সেতু প্রকল্পের পরিচালক মো. দিদারুল আলম তরফদার জানিয়েছেন, শুরুতে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে অনেক সময় ব্যয় হয়েছে। এ কারণে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে এসব জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রকল্পটির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।

সেতুটি চালু হলে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ও শম্ভুগঞ্জ এলাকায় যানজটের চাপ কমবে বলে আশা করছেন পরিবহনচালকেরা। তাদের মতে, নতুন এই সেতু চালু হলে যানবাহন চলাচলে বিকল্প পথ তৈরি হবে। এতে চালক ও যাত্রীদের সময় বাঁচবে, কমবে ভোগান্তিও।

বাসচালক হাসেম উদ্দিন জানিয়েছেন, বর্তমানে কয়েকটি জেলার যানবাহনকে পাটগুদাম সেতু হয়ে ময়মনসিংহ নগরে প্রবেশ করতে হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে এতে যানজটের সৃষ্টি হয়। কেওয়াটখালী সেতু চালু হলে যানবাহন চলাচলের বিকল্প পথ তৈরি হবে। এতে চালক ও যাত্রীদের সময় এবং ভোগান্তি দুটোই কমবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেছেন, কেওয়াটখালী স্টিল আর্চ সেতু চালু হলে নগরীর যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। সেতুটিকে ঘিরে নগর সম্প্রসারণ, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নগরীর যানজটও কমবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানিয়েছেন, কেওয়াটখালী সেতু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন তাঁরা। সেতুটি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

এর আগে, ২০২১ সালের ২৪ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কেওয়াটখালী সেতু প্রকল্প অনুমোদন পায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হয় মূল নির্মাণকাজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়।
ad728
ad600