ঢাকা | বঙ্গাব্দ
ad728

কাঙ্ক্ষিত দাম নেই, হিমাগারে সারি সারি আলুর বস্তা

ন্যাশনাল ডেস্ক
ফেসবুকে শেয়ার
কাঙ্ক্ষিত দাম নেই, হিমাগারে সারি সারি আলুর বস্তা
জেলা ও উপজেলা পর্যায়ে আলু সংরক্ষণের জন্য কিশোরগঞ্জে রয়েছে দুটি সরকারি ও চারটি বেসরকারি হিমাগার।
ভালো দামের আশায় হিমাগারে আলু রেখেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু মৌসুমের শেষ দিকে এসেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। উল্টো দরপতন ও ক্রেতাসংকটে হিমাগার থেকে আলু বের করতেও আগ্রহ হারাচ্ছেন তারা।

উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ পড়েছে ২৩ থেকে ২৪ টাকা। অথচ এখন বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। ফলে প্রতি কেজিতে ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিমাগারগুলোতে এখনো বিপুল পরিমাণ আলু অবিক্রীত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব আলু খালাস করা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশায় এবার আলু সংরক্ষণ করলেও নতুন করে ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা।

জেলা ও উপজেলা পর্যায়ে আলু সংরক্ষণের জন্য কিশোরগঞ্জে রয়েছে দুটি সরকারি ও চারটি বেসরকারি হিমাগার। এর মধ্যে পাকুন্দিয়ায় একটি সরকারি ও দুটি বেসরকারি, জেলা সদরে একটি সরকারি এবং ভৈরবে দুটি বেসরকারি হিমাগার রয়েছে।

সম্প্রতি পাকুন্দিয়ার পূর্বাচল হিমাগার ও এগারসিন্দুর কোল্ড স্টোরেজ ঘুরে দেখা যায়, মৌসুমের শেষ সময়েও আলু খালাসের তেমন ব্যস্ততা নেই। হিমাগারের ভেতরে সারি সারি সাজানো আলুর বস্তা।

কেউ কেউ বস্তা খুলে আলু বের করছেন। আবার কেউ করছেন আলুর পরিচর্যা। তবে বাজারে ক্রেতা না থাকায় অধিকাংশ কৃষক ও ব্যবসায়ী আলু বের করতে আগ্রহ দেখাচ্ছেন না।

হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে এসব আলু সংরক্ষণ করা হয়েছিল। সাধারণত ১৫ নভেম্বর পর্যন্ত আলু খালাসের সময় নির্ধারিত থাকে। কিন্তু ব্যাপক সরবরাহ ও দরপতনের কারণে এখনো বিপুল পরিমাণ আলু হিমাগারে রয়ে গেছে।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, সাধারণত এক বস্তায় ৬৫ কেজি আলু কেনা হয়। বাছাইয়ের পর বিক্রিযোগ্য থাকে প্রায় ৬০ কেজি। কেনা, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি কেজিতে খরচ পড়ে ২৩ থেকে ২৪ টাকা। কিন্তু বাজারে এখন আলুর দাম নেমেছে ১০ থেকে ১২ টাকায়।

হোসেনপুর থেকে আসা আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তিনি এগারসিন্দুর কোল্ড স্টোরেজে ২ হাজার ২০০ বস্তা আলু রেখেছিলেন। শুরুতে বাজারে প্রতি কেজি আলুর দাম ছিল ১৬ থেকে ১৭ টাকা। এখন তা নেমে এসেছে ১০ থেকে ১১ টাকায়।

তার ভাষ্য, এতে প্রতি কেজিতে ১১ থেকে ১২ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

পাকুন্দিয়ার সুখিয়া গ্রামের আলুচাষি রিপন মিয়া জানান, কৃষিতে উৎপাদন খরচ বেড়েছে। অনেক কষ্ট করে ভালো দামের আশায় আলু হিমাগারে রেখেছিলেন। কিন্তু এখন ক্রেতা নেই, দামও কমে গেছে। এতে তারা বিপাকে পড়েছেন।

গাজীপুরের শ্রীপুর থেকে আসা ব্যবসায়ী আবদুল কাদির জানান, দুই দিন আগে এগারসিন্দুর কোল্ড স্টোরেজ থেকে প্রতি কেজি ১৩ টাকা দরে আলু কিনেছিলেন। এখনো তা হিমাগার থেকে বের করেননি।

এরই মধ্যে কেজিপ্রতি আরও দুই টাকা দাম কমে গেছে। আলু বের করে গাজীপুরে নেওয়ার পরিবহন ও অন্যান্য খরচ যোগ হলে লোকসান আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

পূর্বাচল হিমাগারের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, তাদের হিমাগারে ৫ হাজার ৫০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৪ হাজার মেট্রিক টন খালাস হয়েছে। অবশিষ্ট আলুর বেশির ভাগই বীজ আলু।

এগারসিন্দুর কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলতাফ হোসেন জানিয়েছেন, এ বছর তাদের হিমাগারে ১ লাখ ৩৯ হাজার ১৭৪ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল।

৭ নভেম্বর পর্যন্ত খালাস হয়েছে ৮৩ হাজার ৫০০ বস্তা। এখনো হিমাগারে রয়েছে ৫৫ হাজার ৬৭৪ বস্তা আলু।

তার ভাষ্য, দরপতনের কারণে কৃষক ও ব্যবসায়ীরা আলু উত্তোলনের পরিমাণ কমিয়ে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সব আলু খালাস হওয়ার সম্ভাবনাও কম।

পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রতিবছর গড়ে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। গত অর্থবছরে বেশি দামের আশায় কৃষকেরা ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলু চাষ করেছিলেন।

অনুকূল আবহাওয়ায় প্রতি হেক্টরে প্রায় ৩০ টন ফলন হয়েছে। তবে সারা দেশে আলুর উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে দরপতন ঘটেছে। এতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে ই আলম বলেছেন, একই ফসলের ওপর নির্ভরশীল না হয়ে কৃষকদের শস্য বহুমুখীকরণের দিকে যেতে হবে।

তার ভাষ্য, রবি মৌসুমে আলুর পাশাপাশি সরিষা ও গম চাষে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অল্প জমিতে ভুট্টা, পেঁয়াজ ও শীতকালীন শাকসবজিও আবাদ করা যেতে পারে।

একটি ফসলে লোকসান হলে অন্য ফসলের লাভ দিয়ে তা কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব। শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষকের আর্থিক ঝুঁকিও কমানো যাবে বলে উল্লেখ করেন তিনি।

তবে উৎপাদিত আলু দেশের বাইরে রপ্তানির ব্যবস্থা না করা গেলে এবং সঠিক বাজারজাত নিশ্চিত না হলে পাট ও আখের মতো সম্ভাবনাময় এই ফসলের আবাদও আশঙ্কাজনক হারে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ad728
ad600