অগ্রহায়ণের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের কৃষি। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আমন ধান, সরিষা, আলু ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ লাখ ৭৭ হাজার ৮৯৯ হেক্টর। অর্থাৎ প্রায় ২ লাখ হেক্টর জমির ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
অথচ সম্ভাব্য দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু সেই তথ্য সময়মতো কৃষকের কাছে পৌঁছায়নি। ফলে ফসল রক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি অনেক চাষি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জমির মধ্যে আমন ধান ১ লাখ ৩৫ হাজার ৮৬৪ হেক্টর, সরিষা ১ হাজার ৩ হেক্টর এবং সবজি ৯ হাজার ৩৬৩ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া বার্তা বামিস পোর্টালে প্রকাশ করা হয়। উপজেলা পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারাও নিজেদের গ্রুপে এসব তথ্য শেয়ার করেন। পরে তারা কৃষকদের সরাসরি অবহিত করেন। তবে মাঠপর্যায়ের কৃষকদের অভিযোগ, তারা এ ধরনের কোনো আগাম বার্তা পাননি।
রাজবাড়ীর বালিয়াকান্দি সদর এলাকার কৃষক মনিরুল ইসলাম গত ১৭ নভেম্বর ১২ শতাংশ জমিতে দুই কেজি পেঁয়াজের বীজ বপন করেছিলেন। পরদিন বৃষ্টির পানিতে তলিয়ে যায় পুরো ক্ষেত। এতে শুধু বীজের দাম বাবদই ১১ হাজার টাকা ক্ষতি হয়েছে তার। সার, ওষুধ ও শ্রমের খরচ রয়েছে এর বাইরে।
কৃষি অফিস থেকে কোনো আগাম সতর্কবার্তা পেয়েছিলেন কি না, জানতে চাইলে মনিরুল বলেন, ‘কৃষি অফিসের কাউকে কখনো মাঠে দেখি না। আবহাওয়ার আগাম তথ্য পাওয়া তো দূরের কথা। তাদের নামও কেউ জানে না।’
একই এলাকার কৃষক মালেক শেখের ক্ষতি হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। তার ভাষ্য, ‘আবহাওয়ার খবর কে কখন দেয়, তা আমরা জানি না। আগে থেকে জানতে পারলে হয়তো এমন ক্ষতির মুখে পড়তে হতো না।’
চাঁদপুরের চিত্রও একই। জেলা সদরের দাসাদী এলাকার কৃষক জাকির হোসেন জানিয়েছেন, অসময়ের বৃষ্টিতে তাদের শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামের অনেক কৃষকই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারেননি। কৃষি অফিস থেকে মাইকিং করা হলে অনেকে সতর্ক হয়ে ফসল রক্ষার ব্যবস্থা নিতে পারতেন।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের জানিয়েছেন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা মূলত আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ বিষয়ে আলাদাভাবে মাইকিং বা কৃষকদের জানানোর ব্যবস্থা নেই।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিনাইদহের কৃষকরা। এ জেলায় ১০ হাজার কৃষক কৃষিকার্ড পেয়েছেন। তারাও কোনো আগাম আবহাওয়ার বার্তা পাননি বলে অভিযোগ করেছেন।
কৃষক রবিউল ও শাহাজাহান আলীর ভাষ্য, টেলিভিশনে ঝড়ের খবর প্রচার হওয়ার পর আর কিছু করার থাকে না। আগাম তথ্য না পাওয়ায় চোখের সামনে ফসলের ক্ষতি দেখতে হয়। নিজ উদ্যোগে কৃষি অফিসে গেলে কিছু সেবা পাওয়া যায়। তবে সব কৃষকের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়।
অবশ্য ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামানের দাবি, খামারবাড়ি থেকে আবহাওয়ার বার্তা পাওয়ার পর তা সহকারীদের কাছে পাঠানো হয়। ইউনিয়নভিত্তিক উপসহকারী কৃষি কর্মকর্তারা ফোন করে কৃষকদের এসব তথ্য জানান। তবে আবহাওয়া অফিস না থাকায় নানা জটিলতা ও সমস্যায় পড়তে হচ্ছে।
জয়পুরহাটেও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। পাঁচবিবির গোড়না গ্রামের কৃষক সাইদুল ইসলাম জানিয়েছেন, জমিতে পানি জমে সদ্য রোপণ করা আলুর বীজ পচে যাচ্ছে। কালাই পৌরসভার আওড়া গ্রামের কৃষক মনোয়ার হোসেনের অভিযোগ, কৃষি বিভাগের আগাম সতর্কবার্তা না পাওয়ায় সময়মতো আমন ধান কেটে ঘরে তুলতে পারেননি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, গত ২০, ২১ ও ২২ নভেম্বর ঘূর্ণিঝড় আকভান ও অতিবৃষ্টিতে জয়পুরহাটে ৫ হাজার ৬২৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ৪ হাজার ১১৫ হেক্টর, আলু ১ হাজার ২৩৭ হেক্টর, সরিষা ১৯২ হেক্টর, শাকসবজি ৪৫ হেক্টর, পেঁয়াজ ২২ হেক্টর, গম ১১ হেক্টর, মরিচ ৩ হেক্টর এবং রসুন ১ হেক্টর। ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের কথা জানিয়েছেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার।
এবারের দুর্যোগের আগেই সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। নভেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টি এবং এর প্রভাবে অতিবৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল। এর আগেও ঘূর্ণিঝড়ের কারণে দেশের কৃষি ও জনজীবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
১৯৭০ সালের প্রলয়ংকরী ভোলা ঘূর্ণিঝড়, ১৯৮৮ সালের ঘূর্ণিঝড়, ২০০৭ সালের সিডর, ২০১৯ সালের বুলবুল এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলি উপকূলে আঘাত হেনে ব্যাপক ক্ষতি করে। এরপরও কৃষকের ফসল রক্ষায় কার্যকর পূর্বাভাস পৌঁছানোর ব্যবস্থা গড়ে না ওঠায় প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক মনে করেন, কৃষকের কাছে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে। এ কারণে অনেক কৃষক সময়মতো দুর্যোগের তথ্য পান না।
তিনি জানিয়েছেন, একসময় দক্ষিণাঞ্চলে কমিউনিটি রেডিওর মাধ্যমে কৃষকদের আবহাওয়ার তথ্য দেওয়ার কার্যক্রম চালু হয়েছিল। এখন এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। কৃষকদের কাছে তথ্য পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নিজস্ব ব্যবস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেই বলেও উল্লেখ করেছেন তিনি।


.jpg)
















