জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বর্তমান সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও নিজেদের সংশোধন করতে হবে। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
গতকাল মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না। মাদক ও দুর্বৃত্ত দমনে ইশরাক হোসেনের উদ্যোগ ইতিবাচক ছিল।
‘তবে এ কাজে নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া তার পদমর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তার সঙ্গে বডিগার্ড ও পুলিশ সদস্য রয়েছেন। প্রয়োজনে তাদের সহায়তায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত’, যোগ করেন স্পিকার।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।
গত ১৭-১৮ বছরের দুঃশাসনের পর জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ভোটারদের যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া উচিত।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


.jpg)

















