আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বিশ্ববিদ্যালয়টি ২০২৭ সালের গ্রীষ্মকালীন গবেষণা কর্মসূচি এমআইটি সামার রিসার্চ প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে।
১৮৬১ সালে প্রতিষ্ঠিত এমআইটি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে।
২০২৭ সালের ৭ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত চলবে দুই মাসের এই গবেষণা কর্মসূচি। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাশাপাশি দেশটিতে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। গবেষণার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সামাজিক আয়োজন থাকবে।
কর্মসূচির লক্ষ্য
এমআইটির এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মেধাবী গ্র্যাজুয়েটদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং ভবিষ্যতে এমআইটি বা অন্য প্রতিষ্ঠানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য প্রস্তুত করা। একই সঙ্গে গবেষণা ও উদ্ভাবনের নানা ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বাড়ানো। উচ্চশিক্ষাকে তাদের কাছে বাস্তবসম্মত লক্ষ্য হিসেবে তুলে ধরাও এর উদ্দেশ্য।
যেসব সুবিধা পাওয়া যাবে
এমআইটির সামার রিসার্চ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য কয়েক ধরনের আর্থিক সুবিধা রয়েছে। অংশগ্রহণকারীরা সাপ্তাহিক ভাতা পাবেন। এ ছাড়া এমআইটি যাওয়া-আসার বিমানভাড়া, খাবারের জন্য ভর্তুকি এবং আবাসনের ব্যবস্থা করবে।
যেসব বিষয়ে গবেষণার সুযোগ
প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে এ কর্মসূচিতে। অংশগ্রহণকারী বিভাগ ও গবেষণাকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস, স্থাপত্য, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, গণিত, পদার্থবিজ্ঞান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
এ ছাড়া জীববিজ্ঞান ও জৈবপ্রযুক্তি, কম্পিউটেশনাল সায়েন্স, পৃথিবী ও পরিবেশবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, নৃবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, নগর পরিকল্পনা, পরিবহন, মিডিয়া স্টাডিজ, ডেটা ও সিস্টেমস সায়েন্স এবং রিয়েল এস্টেট বিষয়েও গবেষণার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য শিক্ষার্থীদের সিজিপিএ-৪ এর মধ্যে কমপক্ষে ৩.৫ থাকতে হবে। তাদের যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে স্নাতক ডিগ্রিতে অধ্যয়নরত হতে হবে। তবে এমআইটির শিক্ষার্থীরা এ কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনকারীকে স্নাতকের দ্বিতীয় বা তৃতীয় বর্ষের শিক্ষার্থী হতে হবে। শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর স্নাতক শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ২০২৬ সালের ডিসেম্বরের আগে হওয়া যাবে না। আবেদনকারীর এমআইটির কোনো স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগ্রহ থাকতে হবে।
যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং ডিএসিএ সুবিধাপ্রাপ্ত অভিবাসী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও সুযোগ রয়েছে। তবে তাদের যুক্তরাষ্ট্রের ভেতরে বা দেশটির অধীন কোনো অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করতে হবে।
তবে বিনিময় কর্মসূচির শিক্ষার্থী কিংবা যুক্তরাষ্ট্রের বাইরের কোনো প্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এমআইটির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্য এমআইটি সামার রিসার্চ প্রোগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ১৯ জানুয়ারি। আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ১৯ জানুয়ারি। আবেদন করতে কোনো ফি দিতে হবে না।


.jpg)















