আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
শিক্ষার্থীদের সুবিধা ও জাতীয় স্বার্থ বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় গত ৫ নভেম্বর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
এরপর আগামী ৫ ডিসেম্বর ২০২৬ (শনিবার) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে প্রতি শনিবার একটি করে ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে; যার মধ্যে বিজ্ঞান ইউনিট (এ) ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (বি) ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অংকন) ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট (সি) ২৬ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ করা হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
তার ভাষ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সেটিই ইউজিসির লক্ষ্য।
সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এবং ভর্তি কার্যক্রমের সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও চলতি বছর উত্তীর্ণ হয়েছেন ছয় লাখের কিছু বেশি শিক্ষার্থী।
ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেন, এ বছর শিক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলে অনেকেই প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি।
এসব শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।
এরপর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন বা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি পরিবর্তনের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। তবে চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতোই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
অধ্যাপক ড. মামুন আহমেদের ভাষ্য, শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতাও যাচাই করা প্রয়োজন।
একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান, সে বিষয়ে তার মৌলিক জ্ঞান ও সামর্থ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া দরকার বলেও উল্লেখ করেন তিনি।
এ কারণে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টিও যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ করা হয়েছে।
এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়।
ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
ভর্তি পরীক্ষার কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে।
প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। এই কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে।
আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।
দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে রয়েছে ১০ লাখের বেশি আসন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে।
সব মিলিয়ে উচ্চশিক্ষায় ১৭ লাখের বেশি আসন রয়েছে। এ বাস্তবতায় উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে। কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।
উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আশা প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান। তার ভাষ্য, শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ইউজিসির আহ্বান মানবে না ঢাবি
ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর ফলে এবারের এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন চলতি নভেম্বর শেষ হবে। আর সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এমন উদ্যোগ।
ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, এভাবে দু-তিন মাস পিছিয়ে গেলে সেশনজট তৈরি হবে। এ জন্য আজ সোমবার সাধারণ ভর্তি কমিটির জরুরি সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় পূর্বের তারিখ অর্থাৎ ২৫ নভেম্বর আবেদনের সর্বশেষ সময় এবং ভর্তির পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হবে ৫ ডিসেম্বর।

















