ঢাকা | বঙ্গাব্দ
ad728

সহজ হলো রমজানের ১১ পণ্যের এলসি খোলা

সেন্ট্রাল ডেস্ক
ফেসবুকে শেয়ার
সহজ হলো রমজানের ১১ পণ্যের এলসি খোলা
এখন থেকে নির্ধারিত ১১টি পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এখন থেকে নির্ধারিত ১১টি পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে।

এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

২০২৭ সালের পবিত্র রমজান আগামী ৮ অথবা ৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে। হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতি বছরই রমজান মাস আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

সেই ধারাবাহিকতায়, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ad728
ad600