পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে কারখানার শ্রমিক নন, এমন কর্মচারীদের জন্য সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব উপস্থাপন করেন। নতুন প্রস্তাবে শ্রমিক ও কর্মচারীদের জন্য পৃথক মজুরি কাঠামো তুলে ধরা হয়েছে। এতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য তিন মাসের পৃথক মজুরি কাঠামো রাখার সুপারিশ করা হয়েছে। এ সময়ে তাদের মাসিক মজুরি হবে ৩০ হাজার টাকা।
প্রস্তাবিত কাঠামোতে পোশাকশ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি মজুরি পাবেন গ্রেড-১-এর সিনিয়র অপারেটররা। তাদের জন্য মাসিক মোট ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে মূল বেতন ২৮ হাজার ৮০০ টাকা। বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা।
গ্রেড-২-এর শ্রমিকদের জন্য মোট ৪৩ হাজার টাকা মজুরির প্রস্তাব রয়েছে। এ গ্রেডে কারখানার বিভিন্ন ধরনের মেশিন পরিচালনা ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত শ্রমিকরা থাকবেন। তাদের মূল বেতন ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
গ্রেড-৩-এর শ্রমিকদের জন্য প্রস্তাবিত মোট মজুরি ৩৮ হাজার টাকা। এ শ্রেণিতে জুনিয়র মেশিন অপারেটরসহ বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত শ্রমিকরা থাকবেন। তাদের মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা। বাড়িভাড়া ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, গ্রেড-৪-এর হেলপার ও সহকারী পর্যায়ের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে মূল বেতন ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা।
শ্রমিকদের পাশাপাশি পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এতে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর কর্মচারীরা মাসে মোট ৫৫ হাজার টাকা পাবেন। এ গ্রেডে স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যানরা থাকবেন। তাদের মূল বেতন ৩৩ হাজার টাকা। এর সঙ্গে ১৬ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া এবং ৫ হাজার ৫০০ টাকা অন্যান্য ভাতা যুক্ত হবে।
গ্রেড-২-এর কর্মচারীদের জন্য মোট ৫০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে। এ শ্রেণিতে হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য জুনিয়র কর্মচারীরা থাকবেন। তাদের মূল বেতন ৩০ হাজার টাকা, বাড়িভাড়া ১৫ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা।
গ্রেড-৩-এর ক্লার্ক, অফিস সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য মোট ৪৫ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব রয়েছে। এর মধ্যে মূল বেতন ২৭ হাজার টাকা, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া গ্রেড-৪-এর পিয়ন ও কুক পদে কর্মরত কর্মচারীদের জন্য ৪০ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তাঁদের মূল বেতন ২৪ হাজার টাকা। বাড়িভাড়া ১২ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা।
প্রস্তাবিত মজুরি কাঠামোতে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বোচ্চ তিন মাসের শিক্ষানবিশকাল রাখার কথা বলা হয়েছে। এ সময়ে তাদের মাসিক মোট মজুরি হবে ৩০ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ১৮ হাজার টাকা, বাড়িভাড়া ৯ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা। তবে প্রস্তাবে খাদ্যভাতা মজুরির আওতাভুক্ত না রাখার কথা বলা হয়েছে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার পর এই হার নির্ধারণ করা হয়।
এরপর থেকেই মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন শ্রমিক সংগঠনগুলো। এবার নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে নতুন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
শ্রমিকপক্ষের প্রস্তাব কার্যকর হলে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হবে। অর্থাৎ বর্তমানের তুলনায় বাড়বে ১৯ হাজার ৫০০ টাকা। শতাংশের হিসাবে এই বৃদ্ধির পরিমাণ ১৫৬ শতাংশ।
তবে এটি কেবল শ্রমিকপক্ষের প্রস্তাব। চূড়ান্ত মজুরি কত হবে, তা নির্ধারণ করবে নিম্নতম মজুরি বোর্ড।
বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষও মজুরি বৃদ্ধির প্রস্তাব দেবে। দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে সরকার একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।
মহিউদ্দিন রুবেলের ভাষ্য, ‘শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। মালিকপক্ষ থেকেও একটি প্রস্তাব দেওয়া হবে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে এমন একটি সিদ্ধান্ত হওয়া প্রয়োজন, যা মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। শ্রমিকরাও স্বাচ্ছন্দ্যে মেনে নিতে পারবেন।’


















