ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তার অভিযোগ, সরকার গঠনের পর দলটির এই ব্যর্থতা আরও বেড়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে বিএনপি নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়েছেন তিনি। তার মতে, ঐক্যের ফাটল মেরামতের প্রধান দায়িত্ব সরকারের।
গত শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে দীর্ঘ ১৫-১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য ও সংহতি তৈরি হয়েছিল, তা রক্ষার ওপর শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে তাঁর দল। অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে নির্বাচনপূর্ব বিভিন্ন রাজনৈতিক ফোরামেও এ বিষয়ে কথা বলেছেন তারা।
মামুনুল হকের অভিযোগ, বিএনপি দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সরকার গঠনের পর সেই ব্যর্থতা আরও বেড়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস তৈরি করেছে দলটি। কথায় কথায় মিত্রদের আক্রমণ করে নিজেদের জন্যই আত্মঘাতী পরিস্থিতি তৈরি করেছে।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান দেরিতে এলেও তারা তা স্বাগত জানিয়েছেন উল্লেখ করে মামুনুল হক বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনগণ যে বিপুল সমর্থন দিয়েছে, সেই গণরায়কে সম্মান করতে হবে। একই সঙ্গে নিজেদের অতীত ভূমিকা পর্যালোচনা করা প্রয়োজন।
তিনি বলেন, গণভোটের আগে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছেন। তাদের এই ভূমিকার কারণে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হয়েছে। অথচ কিছু ইসলামী রাজনৈতিক সংগঠন যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিএনপির অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছে। তার মতে, এটি ছিল ওই সংগঠনগুলোর চরম আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত।
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট হলে তার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন মামুনুল হক। তিনি বলেন, ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
সরকার ও বিএনপির প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষার সংগ্রামে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একচুলও পিছপা হবেন না। সরকার ব্যর্থ হলে দেশের মানুষ কারও হাতে নিজেদের ভাগ্য ছেড়ে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার নতুন জুলাই আসবে, নতুন সংগ্রাম হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মামুনুল হক বলেন, আদর্শ ও লক্ষ্য নিয়ে সংগঠনটি কখনো দ্বিধান্বিত ছিল না। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যে আদর্শিক ভিত্তির ওপর সংগঠনটির যাত্রা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তারা। কোরআন-সুন্নাহর নির্দেশনা ও পূর্বসূরি আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দলটি জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।
বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, নীতির প্রশ্নে অটল থাকতে হবে। তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখা জরুরি। অন্য সংগঠনগুলোর প্রতি কটু ভাষা ব্যবহার না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সঙ্গে নিয়ে এগোতে হবে। ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর ইসলামী শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।
বিএনপির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে মামুনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন ব্যক্তিরা থাকতে পারেন, যারা জিয়া ও খালেদা জিয়ার আদর্শবিরোধী। তারা দল ও সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করতে পারেন।
এ কারণে বিএনপিকে নিজেদের আদর্শিক অবস্থান পর্যালোচনার পরামর্শ দেন তিনি।
মামুনুল হক আরও বলেন, জুলাইয়ের অর্জনকে নিজেদের লড়াই ও সংগ্রামের ফসল মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। এই অর্জনকে পূর্ণতা দিতে শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সংগঠনটি।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমাদ, মাওলানা এনামুল হক মুসা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী বক্তব্য দেন।
এ ছাড়া সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সহপ্রশিক্ষণ সম্পাদক মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও মুহাম্মাদ কামাল উদ্দীনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহর পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ।
এ ছাড়া খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোশাররফ হুসাইন লাবিব, মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম ঘোষণাপত্র পাঠ করেন। এতে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


.jpg)













