ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আজ রবিবার রাতে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিত এসব দাবি জানান।
বিবৃতিতে তারা বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতার কারণে সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা কারও ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ নেই। একজন রাজনৈতিক ও ছাত্রনেতার গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য অশনিসংকেত।
এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সামগ্রিক নাগরিক নিরাপত্তা ও গণতান্ত্রিক সহাবস্থানের পরিবেশকেও হুমকির মুখে ফেলে বলে উল্লেখ করেছেন তারা।
বিবৃতিতে এবি পার্টির নেতারা আরও বলেন, সাদিক কায়েম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা। ফ্যাসিবাদী অপশক্তি আবারও থানা পোড়ানো, বিজিবির ওপর হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করতে হবে।
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সাদিক কায়েমসহ দেশের রাজনৈতিক ও ছাত্রনেতাদের ব্যক্তিগত, পারিবারিক ও আবাসিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপও চেয়েছেন তারা।
বিবৃতিতে এবি পার্টির নেতারা আরও উল্লেখ করেন, অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। দেশের মানুষ সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা রক্ষায় দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবি পার্টির এই দুই নেতা।
এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের নয়নপুর এলাকায় ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সে সময় বাড়িতে তার বাবা-মা ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা জেগে উঠলে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সাদিক কায়েমের বাবা-মা।


.jpg)













