জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্তত ২৩ নেতা গত ১১ মাসে দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এসব হামলার ঘটনা ঘটেছে।
কোথাও সরাসরি হামলা, কোথাও গাড়িবহরে আক্রমণ, আবার কোথাও রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন দলের নেতাদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরাও।
সর্বশেষ কয়েকটি ঘটনা এনসিপির নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। গত ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার অভিযোগ ওঠে।
এর পরদিন রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত চলছে। একই সময়ে সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।
সর্বশেষ যুক্তরাজ্য সফরে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হেনস্তার চেষ্টার মুখে পড়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরকে কেন্দ্র করে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এসব ঘটনার মধ্য দিয়ে দেশে-বিদেশে এনসিপি ও তাদের সাবেক প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা ও হুমকির বিষয়টি আবারও সামনে এসেছে।
পুলিশ ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত ১১ মাসে দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়েছে। হামলার ঘটনাগুলোর মধ্যে রয়েছে ১৬ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দিন মাহিনের ওপর হামলা। ২৩ ও ২৭ জানুয়ারি ঢাকায় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৩ ফেব্রুয়ারি সারজিস আলম এবং ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তারেকুল ইসলাম তারেক রেজা এবং ২৮ জুলাই সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলম ও মাহমুদা আলম মিতুর ওপর হামলার অভিযোগ রয়েছে।
এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ গত ৪ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন তিনি। মাজার থেকে বের হয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকতে হয় তাকে। এর আগে ২২ মে ঝিনাইদহ এবং ২৮ জুলাই হবিগঞ্জ শহরেও হামলার শিকার হন পাটওয়ারী।
তবে পুলিশের ভাষ্য, সব হামলার ধরন ও প্রেক্ষাপট এক নয়। কোনোটি রাজনৈতিক বিরোধ, কোনোটি স্থানীয় বিরোধ, আবার কোনোটি ব্যক্তিগত ক্ষোভের কারণে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
একের পর এক হামলা ও হুমকির ঘটনায় এনসিপির নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী নূর খান। তার মতে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদেরই যদি ধারাবাহিকভাবে হামলা ও হুমকির মুখে পড়তে হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তনের পর নাগরিক নিরাপত্তার বাস্তব অবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব হামলার জন্য গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন। নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে পতিত আওয়ামী লীগ। তাঁর ভাষ্য, আজ একজন আক্রান্ত হলে কাল অন্য কেউ আক্রান্ত হতে পারেন।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের এআইজি কামারুম মুনিরা বলেছেন, জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ-সংক্রান্ত অভিযোগ বা তথ্য পাওয়া গেলে ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















