প্রতিটা বাসার একটা স্পিরিচুয়াল ভ্যালু আছে। কিছু বাসায় ঢুকলে ভেতরে শান্তি শান্তি লাগে, মনটা হালকা লাগে, অস্থিরতা থাকে না, মনে হয় আরও কিছুক্ষণ বসে থাকি। আবার কিছু বাসায় ঢুকলে উল্টোটা হয়। সবকিছু ভারী ভারী লাগে, মন ভার হয়ে থাকে, অস্থির লাগে, অশান্তি কাজ করে, যেন কিছু একটা মনকে চাপ দিচ্ছে, কষ্ট দিচ্ছে।
তাহলে একটা বাসার স্পিরিচুয়াল ভ্যালু কিসের ওপর নির্ভর করে, আর আপনি কীভাবে তা বাড়াবেন?
প্রথম কথা, যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি ও মূর্তি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না। সহিহ বুখারি: ৩২২৫, সহিহ মুসলিম: ২১০৬।
আরেক হাদিসে এসেছে, যে কাফেলায় কুকুর বা ঘণ্টা থাকে ফেরেশতারা তাদের সঙ্গী হন না, আর ঘণ্টাকে বলা হয়েছে শয়তানের বাঁশি। সহিহ মুসলিম: ২১১৩ ও ২১১৪।
আপনার ছোট বাচ্চার কুকুরের খেলনাটা হয়তো সযত্নে আলমারিতে তুলে রেখেছেন। বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে, ওটা সরিয়ে ফেলাই উত্তম। একইভাবে বাদ্যযন্ত্রও ঘরে না রাখাই ভালো।
দ্বিতীয় কথা, ঘরকে সেজদার জায়গা বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরেও কিছু নামাজ পড়ো, ঘরকে কবর বানিয়ে ফেলো না। সহিহ বুখারি: ৪৩২, সহিহ মুসলিম: ৭৭৭। তিনি আরও বলেছেন, ফরজ নামাজ ছাড়া মানুষের শ্রেষ্ঠ নামাজ হলো যা সে নিজের ঘরে পড়ে। সহিহ বুখারি: ৭৩১।
তাই চেষ্টা করবেন আপনার ঘরটা যেন এমন না হয় যেখানে কোনো সেজদা পড়ে না। ঘরের নারীরা তো অবশ্যই নামাজ পড়বেন, আর পুরুষরাও চেষ্টা করবেন অন্তত সুন্নাত আর নফলগুলো ঘরে পড়তে।:
তৃতীয় কথা, ঘরে কোরআন তেলাওয়াত করুন। বিশেষ করে সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। সহিহ মুসলিম: ৭৮০।
রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকেন এবং শয়তান কাছে আসতে পারে না। সহিহ বুখারি: ২৩১১। আর রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লে তা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সহিহ বুখারি: ৫০০৯, সহিহ মুসলিম: ৮০৭।
অনেক আলেমের মতে সূরা বাকারার প্রথম চার আয়াত, আয়াতুল কুরসি এবং শেষের আয়াতগুলো শক্তিশালী রুকইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাতে সূরা বাকারার এই দশটি আয়াত পড়া হয় সে রাতে শয়তান ঘরে প্রবেশ করে না। সুনানে দারিমি: ৩৪২৩।
তাই প্রতিটা বাসায় অন্তত রাতে এগুলো পড়া উচিত, এতে ঘরে নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ।
এত কিছু মেনে চলার পরও আপনার ঘরে একটা জায়গা আছে যেখানে সবচেয়ে নিকৃষ্ট আর ক্ষতিকর জিনগুলো থাকে। প্রত্যেকটা বাসাতেই। অবাক হচ্ছেন? হ্যাঁ, সেই জায়গাটা হলো আপনার বাথরুম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শৌচাগারগুলোতে জিন ও শয়তান উপস্থিত থাকে। সুনানে আবু দাউদ: ৬, সুনানে ইবনে মাজাহ: ২৯৬।
তাই বাথরুমে যাওয়ার কিছু আদব মেনে চলুন। ঢোকার আগে বিসমিল্লাহ বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন শৌচাগারে প্রবেশ করে তখন জিনদের চোখ আর আদম সন্তানের সতরের মাঝে পর্দা হলো বিসমিল্লাহ বলা। সুনানে তিরমিজি: ৬০৬। অর্থাৎ বিসমিল্লাহ বললে তারা আপনাকে দেখতেও পাবে না।
এরপর দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ: হে আল্লাহ, আমি পুরুষ ও নারী সকল দুষ্ট জিন থেকে আপনার কাছে আশ্রয় চাই। সহিহ বুখারি: ১৪২, সহিহ মুসলিম: ৩৭৫। আরবিতে না পারলে বাংলায় অর্থটা পড়লেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়ে যায়।:
অনেক আলেম আদব হিসেবে নারী পুরুষ সবাইকে মাথা ঢেকে বাথরুমে যাওয়ার কথা বলেছেন। বের হওয়ার পর বলুন গুফরানাকা, অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। সুনানে আবু দাউদ: ৩০, সুনানে তিরমিজি: ৭।
বাথরুমের দরজা কখনো খোলা রাখবেন না। আর সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা বন্ধ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত নামে তখন বাচ্চাদের ঘরে রাখো। কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়ে। আর বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। সহিহ বুখারি: ৩২৮০, সহিহ মুসলিম: ২০১২।:
আপনার ঘরটার স্পিরিচুয়াল ভ্যালু সাধ্যমতো বাড়িয়ে নিন। আল্লাহর রহমতের ছায়ায় আচ্ছাদিত হয়ে থাকুক আমার প্রিয় বসতটি।


 (3) (1) (1) (1).jpg)














