ঢাকা | বঙ্গাব্দ
ad728

কানাডার বিশ্ববিদ্যালয়ে ২১ হাজার ডলারের বৃত্তি, পড়া যাবে ৬০০ প্রোগ্রামে

আয়েশা মল্লিক তুষমি
আয়েশা মল্লিক তুষমি, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
কানাডার বিশ্ববিদ্যালয়ে ২১ হাজার ডলারের বৃত্তি, পড়া যাবে ৬০০ প্রোগ্রামে
কানাডার ইউনিভার্সিটি অব মন্ট্রিয়ল। ছবি : সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অনেক শিক্ষার্থীর পছন্দের তালিকায় থাকে কানাডা। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার মান ও গবেষণার সুযোগ আকর্ষণ করে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের। তবে উচ্চশিক্ষার খরচ অনেকের জন্যই হয়ে দাঁড়ায় বড় বাধা।

এমন শিক্ষার্থীদের জন্য কানাডার ইউনিভার্সিটি অব মন্ট্রিয়লে রয়েছে বৃত্তির সুযোগ। ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটিতে আবেদন করতে পারবেন। এ ছাড়া বৃত্তিটির আওতায় রয়েছে সুযোগ পোস্টডক্টরাল গবেষণারও।

ইউনিভার্সিটি অব মন্ট্রিয়লের ২০২৭ সালের বৃত্তিটি আংশিক অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ কমাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। শীতকালীন ২০২৭, গ্রীষ্মকালীন ২০২৭, শরৎকালীন ২০২৭ এবং শীতকালীন ২০২৮ সেমিস্টারের জন্য এ বৃত্তির সুযোগ রয়েছে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

ইউনিভার্সিটি অব মন্ট্রিয়লে প্রায় সব ধরনের একাডেমিক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ৬০০টি স্টাডি প্রোগ্রাম চালু আছে।

বৃত্তির আওতায় যেসব সুবিধা

শিক্ষার্থীদের ডিগ্রি ও পড়াশোনার ধরন অনুযায়ী বৃত্তির অর্থের পরিমাণ নির্ধারিত হবে। স্নাতক পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। ক্যাটাগরি ‘এ’-তে বছরে ১২ হাজার ৯৫১ কানাডীয় ডলার, ক্যাটাগরি ‘বি’-তে ৬ হাজার ১৭২ কানাডীয় ডলার এবং ক্যাটাগরি ‘সি’-তে ২ হাজার ১৫৯ কানাডীয় ডলার দেওয়া হবে।

প্রতিটি অর্থের পরিমাণ নির্ধারিত হবে দুই সেমিস্টার বা ৩০ ক্রেডিটের হিসাব অনুযায়ী। প্রতি সেমিস্টার ও ক্রেডিট হিসাবেও বৃত্তির অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।

স্নাতকোত্তর পর্যায়ে নন-রিসার্চ প্রোগ্রামের শিক্ষার্থীরা বছরে ১০ হাজার ৪৬ কানাডীয় ডলার পাবেন। রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে এ অর্থের পরিমাণ ১০ হাজার ১৬৯ ডলার। উভয় ক্ষেত্রেই তিন সেমিস্টার বা ৪৫ ক্রেডিটের হিসাবে দেওয়া হবে এই অর্থ।

পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বছরে বৃত্তির পরিমাণ ২১ হাজার ৫৯৩ কানাডীয় ডলার। এই অর্থ দেওয়া হবে তিন সেমিস্টার বা ৪৫ ক্রেডিটের হিসাবে।

আবেদনের যোগ্যতা

বৃত্তিটির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হলে আবেদন করা যাবে না। আবেদনকারীর কানাডায় পড়াশোনার জন্য বৈধ স্টাডি পারমিট থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার আনুষ্ঠানিক নম্বরপত্র, আপডেট জীবনবৃত্তান্ত (সিভি) এবং এক বা একাধিক সুপারিশপত্র জমা দিতে হবে।

এ ছাড়া বৃত্তির জন্য একটি মোটিভেশন লেটার এবং ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর জন্য ১০ দিন সময় পাওয়া যাবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব মন্ট্রিয়লের নির্ধারিত ওয়েবসাইট অনুসরণ করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

কানাডার ইউনিভার্সিটি অব মন্ট্রিয়লের ২০২৭ সালের এই বৃত্তিতে আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি, ২০২৭।
ad728
ad600