ঢাকা | বঙ্গাব্দ
ad728

ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন শেষ ৩০ নভেম্বর

আয়েশা মল্লিক তুষমি
আয়েশা মল্লিক তুষমি, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন শেষ ৩০ নভেম্বর
য়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়। বৃত্তিটির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭ সালের জানুয়ারিতে এই ডিগ্রির পাঠদান প্রক্রিয়া শুরু হবে।

বিশ্ববিদ্যালয়টির ‘ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ নামের এ বৃত্তি মূলত মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। এটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি নয়। নির্বাচিত শিক্ষার্থীদের নগদ অর্থ দেওয়া হবে না। তবে তাদের টিউশন ফির সঙ্গে ৩ হাজার পাউন্ড সমপরিমাণ অর্থ সমন্বয় করা হবে।

ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৮৩৮ সালে রয়্যাল পলিটেকনিক ইনস্টিটিউশন হিসেবে এর যাত্রা শুরু হয়। এটি লন্ডনের প্রথম পলিটেকনিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যে ষষ্ঠ এবং বিশ্বে ৪০তম অবস্থানে রয়েছে।

বৃত্তির সুযোগ-সুবিধা

এ বৃত্তির আওতায় এক বছর মেয়াদি পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফি থেকে ৩ হাজার পাউন্ড ছাড় দেওয়া হবে। এ ছাড়া আবাসন ও জীবনযাত্রার ব্যয়, যাতায়াত বা বিমানভাড়া, ভিসা আবেদন ফি, অভিবাসন স্বাস্থ্য সারচার্জ, বইপত্র কিংবা ব্যক্তিগত খরচও বৃত্তির আওতায় পড়বে না।

আবেদনের যোগ্যতা

এ বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে আন্তর্জাতিক বা বিদেশি শিক্ষার্থী হিসেবে টিউশন ফি প্রদানকারী হতে হবে। পাশাপাশি ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হবে, এমন বিশ্ববিদ্যালয়টির অনুমোদিত কোনো পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তির অফার থাকতে হবে।

আবেদনকারীর স্নাতক ডিগ্রির ফল যুক্তরাজ্যের দ্বিতীয় শ্রেণির উচ্চতর সম্মান ডিগ্রির সমমানের হতে হবে। তবে বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা ও ফলাফলের হিসাব আলাদা হওয়ায় একেক দেশের জন্য সমমান নির্ধারণের নিয়মও ভিন্ন। তাই আবেদনকারীদের নিজ দেশের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফলের সমমান যাচাই করতে হবে।

পিএইচডি, গবেষণাভিত্তিক পিএইচডি বা এমফিল, অনলাইন বা দূরশিক্ষণ পদ্ধতির কোর্স, স্নাতকোত্তর ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট প্রোগ্রামের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য পূরণ করা আবেদনপত্র, বৈধ পাসপোর্ট, উদ্দেশ্য ও আগ্রহের বিবরণসংবলিত চিঠি (মোটিভেশন লেটার), হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), কভার লেটার, শিক্ষাগত নম্বরপত্র ও সনদ প্রস্তুত রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র এবং অন্যান্য সহায়ক কাগজপত্রও জমা দিতে হতে পারে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। বৃত্তির বিস্তারিত শর্ত, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা জানা যাবে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময়

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০২৬ সালের ৩০ নভেম্বর।
ad728
ad600