ঢাকা | বঙ্গাব্দ
ad728

পাকিস্তানকে হারিয়ে শেষবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
ফেসবুকে শেয়ার
পাকিস্তানকে হারিয়ে শেষবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ
২১ বছর আগে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
একুশ বছর পর আবারও সামনে পাকিস্তান। প্রতিপক্ষ সেই দল, মঞ্চও সেই সাফ চ্যাম্পিয়নশিপ। বদলেছে শুধু সময়। ২০০৫ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানকে হারিয়েই সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে এবার আবারও ফাইনালে ওঠার সুযোগ লাল-সবুজের সামনে। সেই স্বপ্ন পূরণে বাধা সেই পাকিস্তানই।

আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ২১ বছর আগে পাকিস্তানের করাচিতে যে জয় পেয়েছিল বাংলাদেশ, এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে লড়াই ঢাকার মাঠে। সেবার লক্ষ্য ছিল ফাইনালে ওঠা, এবারও স্বপ্নটা একই।

২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি পায় লাল-সবুজের দল। ডিফেন্ডার মোহাম্মদ সুজনের নিখুঁত শটে কেঁপে উঠেছিল পাকিস্তানের জাল। সেই এক গোলেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের ফাইনালে ওঠা।

সেই জয় কেবল একটি ফুটবল ম্যাচের ফল ছিল না। বাংলাদেশের ফুটবলের জন্য ছিল বিশেষ এক অর্জন। বিজয় দিবসের মাত্র দুই দিন আগে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ ছড়িয়ে পড়েছিল পুরো দলে। করাচিতে থাকা বাংলাদেশি সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছিল অন্যরকম আবেগ ও উচ্ছ্বাস।

এরপর পেরিয়ে গেছে দুই দশকেরও বেশি সময়। এই সময়ে আটটি সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো আসরেই আর ফাইনালে ওঠা হয়নি। কখনো গ্রুপ পর্বেই থেমেছে যাত্রা, কখনো সেমিফাইনালের বাধা পেরোনো সম্ভব হয়নি। বারবার ফাইনালের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত অপেক্ষা দীর্ঘ হয়েছে।

দীর্ঘ সেই অপেক্ষার পর সর্বশেষ আসরে আবারও সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য শুধু সেমিফাইনালে ওঠা নয়, এই বাধা পেরিয়ে ফাইনালের মঞ্চে ফেরা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডও আশাবাদী হওয়ার মতো। দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় আটটি। পাকিস্তান জিতেছে পাঁচ ম্যাচে। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। ১৯৯৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৫ সালের আসরেও জয় পেয়েছিল ১-০ গোলে। এ ছাড়া ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকার মাঠে পাকিস্তানকে ৩-০ গোলে হারানোর স্মৃতিও রয়েছে।

সর্বশেষ ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেবারও ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক লড়াইয়ের ইতিহাসও বাংলাদেশের পক্ষেই কথা বলছে।

তবে অতীতের জয় কিংবা পরিসংখ্যান দিয়ে সেমিফাইনাল জেতা সম্ভব নয়। ফাইনালে যেতে হলে মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে বাংলাদেশকে। অন্যদিকে পাকিস্তান দলেও রয়েছে বিদেশি লিগে খেলা একঝাঁক ফুটবলার। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
ad728
ad600