ঢাকা | বঙ্গাব্দ
ad728

এক লাফে কেজিপ্রতি ১০-২০ টাকা বেড়েছে ছোলার দাম

আরিফ আহমেদ তূর্য
আরিফ আহমেদ তূর্য, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
এক লাফে কেজিপ্রতি ১০-২০ টাকা বেড়েছে ছোলার দাম
রাজধানীর খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে বাড়তে শুরু করেছে রোজায় বহুল ব্যবহৃত খাদ্যপণ্য ছোলার দাম। রাজধানীর খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। একই সঙ্গে বেড়েছে ছোলার ডালের দামও।

রমজানের এত আগে এই মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ ভোক্তারা। তাদের আশঙ্কা, এখনই বাজারের লাগাম টানা না গেলে রমজানের আগে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকায়। সাধারণ মানের ছোলার দাম ১১০ টাকার আশপাশে।

অথচ চলতি মাসের শুরুতেও প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ১০০ টাকায়। এদিকে ছোলার ডালের দাম বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ১২০ টাকায়। কোনো কোনো দোকানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারের বিপ্লব স্টোরের ব্যবসায়ী মো. সোলেয়মান হোসেন জানিয়েছেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। চলতি মাসের শুরুতে যে ছোলা ৯৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন, এখন তা বিক্রি করতে হচ্ছে ১১০ টাকায়। মানভেদে ছোলার দাম ১১০ থেকে ১২০ টাকা।

তার ভাষ্য, সাধারণ মানের ছোলাও এখন ১০০ টাকার বেশি দামে কিনতে হচ্ছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ বাজারদরের তথ্যেও ছোলার দাম বাড়ার চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, রাজধানীর বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এক মাস আগেও এ পণ্যের সর্বনিম্ন দাম ছিল ১০০ টাকা।

টিসিবির হিসাবে, এক মাসের ব্যবধানে ছোলার দাম গড়ে প্রায় ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।

রমজান ঘিরে ছোলার দাম বাড়ার প্রবণতা অবশ্য নতুন নয়। প্রতি বছরই রোজার সময় ইফতারে বহুল ব্যবহৃত এই পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়ে। এতে বাড়তি চাপ পড়ে সাধারণ মানুষের সংসার খরচে।

বাজারের এমন প্রবণতা নিয়ে ক্ষোভ রয়েছে ভোক্তাদের মধ্যে। সমালোচনা করছেন বাজার বিশ্লেষকরাও। তাদের মতে, রমজানের আগে অসাধু ব্যবসায়ীরা যাতে নানা অজুহাতে ধাপে ধাপে পণ্যের দাম বাড়াতে না পারেন, সে জন্য এখন থেকেই কঠোর নজরদারি প্রয়োজন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, বাজার নজরদারিতে ব্যাপক ঘাটতি রয়েছে। এর সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়িয়ে অল্প সময়ে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছেন।

‘রমজানের সময় এ প্রবণতা আরও বেশি দেখা যায়। এবার রোজার আগেই ধাপে ধাপে দাম বাড়ানোর প্রবণতা শুরু হয়েছে। রমজানের বাকি এখনো তিন মাস। অথচ এরই মধ্যে ছোলার দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে’, যোগ করেন ক্যাব সভাপতি।

সফিকুজ্জামান কৃত্রিম সংকট তৈরির আশঙ্কার কথাও উল্লেখ করেছেন। তার মতে, আমদানি ও সরবরাহ পর্যায়ে ছোলার প্রকৃত মূল্য যাচাই করা প্রয়োজন। বাজারে বিভিন্ন মানের ছোলা রয়েছে। ব্যবসায়ীরা বুকিং মূল্য বেড়ে যাওয়ার কথা বললেও আমদানি পর্যায়ে সব ধরনের ছোলার দাম একই হারে বাড়েনি। তাই কোন মানের ছোলা কত দামে আমদানি হচ্ছে, তা আলাদাভাবে খতিয়ে দেখা দরকার।
ad728
ad600