২০২২ সাল পর্যন্ত আমি আওয়ামী লীগের প্রতি কিছুটা সমর্থনশীল ছিলাম। বাংলাদেশে বিতর্কচর্চার সঙ্গে যুক্ত থাকতে হলে আওয়ামী লীগ অথবা বামপন্থী, এই দুটির একটির সমর্থক হতে হয়।
যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাবে যোগ দিতে গেলেও মৌখিক পরীক্ষায় বের করার চেষ্টা করা হয়, সে এই দুটির একটির সমর্থক কি না। আর জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত হলে সঙ্গে সঙ্গে বাদ।
আমি প্রায় ১২ বছর বিতর্কের সঙ্গে যুক্ত ছিলাম। তাই ছোটবেলা থেকেই আওয়ামী লীগের প্রতি আমার কিছুটা দুর্বলতা তৈরি হয়েছিল।
২০২২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের ব্যাপারে আমার চোখ খুলে যায়। সেদিন যা ঘটেছিল, সবই আমার চোখের সামনে ঘটেছে।
আমি আমার নিরস্ত্র, শান্তিপূর্ণ আন্দোলন করা ভাইবোনদের রক্তাক্ত হতে দেখেছি। আমি নিজে দৌড়ে পালাতে পেরেছি, কিন্তু আমার অনেক ভাইবোন তা পারেননি। তারা আজও বোমার শত শত স্প্লিন্টার নিজেদের শরীরে বয়ে বেড়াচ্ছেন।
সেদিন এত নির্মমভাবে মারধরের কারণ ছিল, ছাত্রীদের হলে ওয়াইফাই ঠিকমতো চলত না। মেয়েরা ওয়াইফাইয়ের জন্য প্রভোস্টের কাছে অনুরোধ করছিলেন।
এ কারণে সেই প্রভোস্ট ম্যাডাম তাদের চরিত্র নিয়ে কথা বলেছেন। এরপর ছাত্রলীগ দিয়ে তাদের পিটিয়েছেন। পরে উপাচার্য স্যার দাঙ্গা পুলিশ এনে পিটিয়েছেন।
অত্যাচারী যত দিন পর্যন্ত আমাদের নিজেদের ওপর অত্যাচার না করে, তত দিন পর্যন্ত তাকে আমাদের অত্যাচারী মনে হয় না। সেদিনের অত্যাচার আমার গায়ে লেগেছে।
আমি সেদিন শাবিপ্রবির ফটকে পুলিশের জলকামানের সামনে দাঁড়িয়ে গেছি। আমরা সেদিন জলকামান, সাঁজোয়া যান কোনোটাই ক্যাম্পাসে ঢুকতে দিইনি। এসব গাড়ি ক্যাম্পাসে ঢুকতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ঢুকতে হতো।
সেই উপাচার্যবিরোধী আন্দোলন নিয়ে তখনকার শিক্ষামন্ত্রী দীপু মনি যে ভণ্ডামিটা করেছেন, সেটা আমার সারাজীবন মনে থাকবে। আমি তার কারণেই আওয়ামী লীগকে ঘৃণা করতে শুরু করেছি।
যে উপাচার্যের কারণে আমাদের ওপর এই হামলা হলো, ছেলেমেয়েরা অনশন করে মৃত্যুর দুয়ারে চলে গেল, তিনি (দীপু মনি) ঢাকা থেকে এসে সেই উপাচার্যকে পুনরায় বসিয়ে দিয়ে আসছেন। আমি সব ভুলে গেলেও এই দিনগুলোর কথা কখনো ভুলব না।
এখন হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে। বিএনপির সঙ্গে হয়তো তাদের সমঝোতা হয়ে গেছে। গত দুই মাসে দেখলাম, আওয়ামী লীগের সব নেতা তাদের বাসায় ফিরে আসছেন। অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
সরকারের সঙ্গে সমঝোতা না করে এসব করা সম্ভব বলে আমার কখনো বিশ্বাস হয় না। আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির ক্ষমতাবান নেতারা রহস্যজনকভাবে একদম চুপ হয়ে বসে আছেন।
আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে বিএনপির কিছু হবে না। বিএনপির যারা আওয়ামী লীগবিরোধী ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই তাদের শেষ করে দিয়েছে। বাকি যারা আছেন, তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও টাকার পাহাড় বানাতে থাকবেন।
তবে ভুগতে হবে আমাদের পুরো প্রজন্মকে। আমরা রক্ত দিয়ে একটা বিপ্লব করে দেশকে ফ্যাসিবাদমুক্ত করলাম, কিন্তু দেশটা ঠিক করতে পারলাম না! এটা আমাদের ব্যর্থতা।
[লেখা ফেসবুক থেকে সংগৃহীত। লেখার ভাষা, অর্থ ও মূল্যায়ন সম্পূর্ণ লেখকের ভাবনার অংশ। এখানে দ্য ডেইলি মুন কর্তৃপক্ষের কোনো অংশগ্রহণ নেই।]


 (3) (1) (2).jpg)













