২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ৭৮ মামলার আসামিদের বড় অংশই এখনো ধরাছোঁয়ার বাইরে।
দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার মোট ৫৩০ আসামির মধ্যে ৩৪২ জনই পলাতক। অর্থাৎ মোট আসামির প্রায় ৬৫ শতাংশের হদিস নেই। তাদের মধ্যে কয়েকটি মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও রয়েছেন।
পলাতক দণ্ডিত ব্যক্তিদের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. হাবিবুর রহমান।
আইনজীবীরা বলছেন, আসামিরা পলাতক থাকায় অনেক ক্ষেত্রে সাজা কার্যকর করা সম্ভব হচ্ছে না। তাদের গ্রেপ্তারে সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি ছবিসহ বিস্তারিত তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়া যেতে পারে।
মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার চলছে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তদন্ত চলাকালে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তা সম্ভব না হলে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপরও গ্রেপ্তার করা না গেলে পুলিশের প্রতিবেদন পাওয়ার পর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির হতে বলা হয়। বিজ্ঞপ্তির পরও হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতে বিচারকাজ চলে। এ ক্ষেত্রে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। রায়ে সাজা হলে জারি করা হয় সাজা পরোয়ানা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছরে দুই ট্রাইব্যুনালে মোট ৭৮টি মামলা হয়েছে। এর মধ্যে রায় ঘোষিত, বিচারাধীন ও তদন্তাধীন মামলা রয়েছে। এসব মামলায় আসামি ৫৩০ জন। তাদের মধ্যে ৩৪২ জন পলাতক।
আসামিদের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, দলীয় নেতা-কর্মী, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, পুলিশের সাবেক কর্মকর্তা, সাবেক সচিব, শিক্ষক, সাংবাদিক এবং সাবেক বিচারপতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে বিচারাধীন ১৩ মামলায় আসামি ১২১ জন। তাঁদের মধ্যে পলাতক ৮৯ জন। এ ছাড়া তদন্তাধীন ৩১ মামলার ১১৩ আসামির মধ্যে ৪৬ জন পলাতক রয়েছেন। রায় ঘোষিত পাঁচ মামলার ১৬ আসামির মধ্যে শেখ হাসিনাসহ ১০ জন এখনো পলাতক।
এই ট্রাইব্যুনালের বিচারাধীন, তদন্তাধীন ও রায় ঘোষিত মামলাগুলোর আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন ৩৯ জন। তাঁদের মধ্যে পলাতক ১৯ জন। পুলিশের ৭৭ কর্মকর্তার মধ্যে পলাতক ৪৩ জন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৯ নেতা-কর্মীর মধ্যে ৮১ জন পলাতক। তিন শিক্ষকের মধ্যে পলাতক দুজন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন ১২ মামলায় আসামি ২০১ জন। তাঁদের মধ্যে পলাতক ১৫৫ জন। রায় ঘোষিত পাঁচ মামলার ৫৭ আসামির মধ্যে পলাতক রয়েছেন ৪২ জন। তবে এই ট্রাইব্যুনালের তদন্তাধীন ১২ মামলার সব আসামিই গ্রেপ্তার রয়েছেন।
ট্রাইব্যুনাল-২-এর বিচারাধীন, তদন্তাধীন ও রায় ঘোষিত মামলাগুলোর আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে পলাতক ছয়জন। পুলিশের সাবেক ৯২ কর্মকর্তার মধ্যে পলাতক ৬০ জন। আওয়ামী লীগের ১৫৩ নেতা-কর্মীর মধ্যে পলাতক ১২০ জন। ছয় শিক্ষকের মধ্যে তিনজন এবং সাবেক দুই সচিবের মধ্যে একজন পলাতক রয়েছেন। এ ছাড়া একজন চিকিৎসক এবং অন্যান্য আট আসামির মধ্যে ছয়জন পলাতক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আসামিদের গ্রেপ্তারের দায়িত্ব মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পলাতকদের অনেকে দেশে অবস্থান করলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। সাজাপ্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ রয়েছে। সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হলে এক ধরনের চাপ তৈরি হবে। তখন তাঁদের গ্রেপ্তার করাও সম্ভব হতে পারে।
তিনি আরও উল্লেখ করেছেন, পলাতক আসামিদের ছবিসহ বিস্তারিত তথ্য প্রকাশ করে তাঁদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই।
পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। তার মতে, গ্রেপ্তারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকলে অনেক আসামিই পালানোর সুযোগ পেতেন না। বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
মুজাহিদুল ইসলাম শাহীন বলেছেন, পলাতক আসামিদের ছবিসহ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এতে সাধারণ মানুষও তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা করতে পারবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ওই বছরের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়। অপর দুই সদস্য হন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী।
বিচারকাজ দ্রুত শেষ করার চাপ বাড়লে গত বছরের ৮ মে গঠন করা হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল। এর চেয়ারম্যান করা হয় হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে। অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
দুই ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের পাশাপাশি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন এবং হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগের বিচার ও তদন্ত চলছে।


















