ঢাকা | বঙ্গাব্দ
ad728

অজস্র ফোন পাচ্ছি, বোর্ড চাইলে সিইও পদে ফিরবো : জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক
ফেসবুকে শেয়ার
অজস্র ফোন পাচ্ছি, বোর্ড চাইলে সিইও পদে ফিরবো : জেনসেন হুয়াং
পদত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছেন জেনসেন হুয়াং।
প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান জেনসেন হুয়াং। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির কর্মী, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অজস্র ফোন কল পাচ্ছেন। তারা তাকে আবারও সিইওর দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে।

সম্প্রতি ব্যক্তিগত জীবনে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর পদত্যাগ করেন হুয়াং। এর মধ্যে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে।

পদত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুয়াং ব্যক্তিগত জীবনের ভুলের দায় স্বীকার করেছেন। তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত জীবনে আমি গুরুতর ভুল করেছি। এর ফলে পরিচালনা পর্ষদকে সমস্যায় ফেলেছি। এ জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। নিজের ভুলের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি।’

বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, প্রতিষ্ঠানটির কর্মী, বিনিয়োগকারীসহ বিভিন্ন মহল থেকে তার কাছে ফোন আসছে। তারা এনভিডিয়ার নেতৃত্বে তাকে আবারও দেখতে চান।

হুয়াংয়ের ভাষ্য, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রযুক্তি, বাজার, প্রতিযোগিতা ও ভূরাজনৈতিক নানা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে অনেকে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করছেন।

তিনি নিজে থেকেই দায়িত্বে ফিরতে চান না। হুয়াং লিখেছেন, ‘পরিচালনা পর্ষদ যদি মনে করে শেয়ারহোল্ডার, কর্মী, প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের স্বার্থে আমার ফিরে আসা ভালো হবে, তাহলে সিইও হিসেবে দায়িত্ব নিতে আমি সম্মানিত বোধ করব।’

তবে হুয়াংয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা এখনো ক্ষীণ। বিবিসির সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে আবার প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে না এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

এদিকে, হুয়াংয়ের ব্যক্তিগত আচরণ নিয়ে তদন্ত করছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এনভিডিয়ার একজন নির্বাহীর সঙ্গে তার কথিত সম্পর্কও তদন্তের আওতায় রয়েছে।

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কোলেট ক্রেসের নেতৃত্বে প্রতিষ্ঠানটি মঙ্গলবার তাদের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা রয়েছে। এ সময় হুয়াংকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়েও তিনি কথা বলতে পারেন।

এনভিডিয়ার অভ্যন্তরীণ তদন্তের বাইরেও হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। বেইজিংয়ের হয়ে কাজ করেন বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়ে আগামী কয়েক সপ্তাহে মার্কিন আইনপ্রণেতাদের একাধিক কমিটির সামনে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে পারে।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উত্থানে হুয়াংয়ের ভূমিকার প্রশংসা করেছেন প্রযুক্তি খাতের অনেক নির্বাহী। গত সপ্তাহান্তে অনলাইনে তাকে আবার এনভিডিয়ার নেতৃত্বে ফিরিয়ে আনার দাবিতে একটি পিটিশনও ছড়িয়ে পড়ে।

তবে সোমবার নাগাদ প্রযুক্তি খাতের অনেক নির্বাহী প্রকাশ্যে তার প্রত্যাবর্তনের পক্ষে কথা বলা থেকে বিরত থাকেন।

প্রযুক্তি খাতের প্রভাবশালী বিনিয়োগকারী ব্র্যাড গার্স্টনার গত সপ্তাহে একটি খোলা চিঠিতে হুয়াংকে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন। তিনি ব্যক্তিগতভাবে হুয়াংকে চেনেন এবং এনভিডিয়ায় তার উল্লেখযোগ্য বিনিয়োগও রয়েছে।

তবে সোমবার সেমাফোর আয়োজিত এক অনুষ্ঠানে গার্স্টনার জানিয়েছেন, তার চিঠির বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

হুয়াংয়ের পদত্যাগের পেছনের ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও গার্স্টনার পরিচালনা পর্ষদের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন।

তার ভাষ্য, ‘তিনি পরিচালনা পর্ষদকে কতটা ভুল তথ্য দিয়েছেন, তা আমি জানি না। তবে আমি যদি কোনো প্রতিষ্ঠানের বোর্ডে থাকতাম, তাহলে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতাম। স্পষ্ট করে বলা দরকার, কেউই আইনের ঊর্ধ্বে নন।’

সূত্র : বিবিসি
ad728
ad600