ঢাকা | বঙ্গাব্দ
ad728

নিঃসঙ্গ দিন কাটছে জাতীয় চিড়িয়াখানার ১০ প্রাণীর, আইন কী বলে

মেহেরীন চৌধুরী
মেহেরীন চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
নিঃসঙ্গ দিন কাটছে জাতীয় চিড়িয়াখানার ১০ প্রাণীর, আইন কী বলে
মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নিঃসঙ্গ ডোরাকাটা হায়েনা। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সঙ্গীহীন অবস্থায় দিন কাটছে ১০টি প্রাণীর। কোনোটি এক বছর ধরে, আবার কোনোটি প্রায় দেড় দশক ধরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। যা চিড়িয়াখানা আইন, ২০২৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।

সঙ্গীহীন প্রাণীগুলোর মধ্যে রয়েছে গন্ডার, চিত্রা হায়েনা, ডোরাকাটা হায়েনা, ক্যাঙারু, ইন্ডিয়ান সারস ক্রেন, উল্লুক, কুলু বানর, আফ্রিকান সাদা সিংহ, হামাদ্রিয়াস বেবুন ও ক্যাসোয়ারি পাখি। এদের কোনোটি এক বছর ধরে, আবার কোনোটি প্রায় ১৫ বছর ধরে একা রয়েছে।

চিড়িয়াখানা আইন-২০২৩ অনুযায়ী, কোনো প্রাণীকে ভেটেরিনারি কর্মকর্তার লিখিত বা সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া তার স্বাভাবিক পরিবেশ কিংবা দলবদ্ধ অবস্থা থেকে আলাদা করে একা রাখা যাবে না। অর্থাৎ, যথাযথ চিকিৎসাগত কারণ ও নির্দেশনা ছাড়া দীর্ঘদিন কোনো প্রাণীকে সঙ্গীহীন করে রাখা আইনের পরিপন্থী।

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম জানিয়েছেন, চিড়িয়াখানায় নতুন প্রাণী কেনার একটি তালিকা সরকার অনুমোদন করেছে। সেই তালিকায় নিঃসঙ্গ প্রাণীদের জন্য সঙ্গী আনার বিষয়টিও রয়েছে।

চিড়িয়াখানার এসব প্রাণীর নিঃসঙ্গতা নিয়ে উদ্বেগ রয়েছে বন্য প্রাণী বিশেষজ্ঞদেরও। তাদের মতে, প্রাণীদের শুধু খাঁচায় রেখে দর্শনার্থীদের দেখানোর বিষয়টি চিড়িয়াখানার মূল উদ্দেশ্য হতে পারে না। প্রাণীদের স্বাভাবিক আচরণ, চলাফেরা ও সামাজিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও জরুরি।

এদিকে জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়নে প্রায় সাড়ে চার বছর আগে তৈরি করা মহাপরিকল্পনা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চার বছরে ঢাকার জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার জন্য এ পরিকল্পনা তৈরি করা হয়। এতে ব্যয় হয়েছিল ৩৪ কোটি টাকা। মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় দেড় হাজার কোটি টাকা।

মহাপরিকল্পনায় প্রাণীদের খাঁচামুক্ত ও প্রাকৃতিক পরিবেশে রাখার পরিকল্পনা ছিল। সংশ্লিষ্টরা বলছেন, চিড়িয়াখানার আধুনিকায়নের পাশাপাশি প্রাণীদের উপযুক্ত আবাসস্থল ও সঙ্গী নিশ্চিত করা জরুরি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানিয়েছেন, সরকার ধাপে ধাপে চিড়িয়াখানার মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে রংপুর চিড়িয়াখানার অবকাঠামো উন্নয়ন এবং ঢাকার জাতীয় চিড়িয়াখানায় ‘বাংলাদেশ পার্ট’ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
ad728
ad600