বিশ্বের তিন ক্ষমতাধর নেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। তিনজনের বয়সই ৭০ বছরের বেশি। বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ তাদের দেশগুলোর হাতে। ইউক্রেন ও অন্য একটি চলমান যুদ্ধের উত্তেজনাও এখনো কাটেনি।
এমন পরিস্থিতিতে চীনের শেনজেনে আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছে তিন নেতার নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক। কিন্তু বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনো স্পষ্ট নয়। আর এ অনিশ্চয়তাই সবচেয়ে বেশি উদ্বেগে ফেলেছে ইউরোপকে।
বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি গুরুত্ব পেতে পারে। তবে এ নিয়ে বড় কোনো অগ্রগতির প্রত্যাশা কম। বিশ্বশান্তি রক্ষার বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে বলে জানিয়েছে চীন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে ইরান, ইউক্রেন, এনভিডিয়া এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গও।
সাধারণত এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠকের আগে কয়েক মাস ধরে প্রস্তুতি চলে। আলোচনার বিষয় ও সম্ভাব্য সিদ্ধান্ত নিয়েও আগাম সমঝোতা থাকে। কিন্তু শেনজেনের বৈঠকটি সেই প্রচলিত ধারার বাইরে। বিশেষ করে ট্রাম্পের অনিশ্চিত ও হঠাৎ অবস্থান পরিবর্তনের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইউরোপের উদ্বেগের বড় কারণ ইউক্রেন যুদ্ধ। তাদের আশঙ্কা, ট্রাম্পের সঙ্গে পুতিনের ব্যক্তিগত সমঝোতা কিংবা রুদ্ধদ্বার বৈঠকের কোনো সিদ্ধান্ত ইউক্রেনের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।
গত সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করেন ট্রাম্প। ইউক্রেনকে নিজের ‘প্রিয় বিষয়’ বলে উল্লেখ করার পাশাপাশি তিনি দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ২৫ হাজার সেনা নিহত হচ্ছেন। তবে তার বক্তব্যে যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়টি এমনভাবে উঠে এসেছে, যাতে রাশিয়ার ব্যাপক প্রাণহানির চিত্রটি অনেকটাই আড়ালে থেকে যায়।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের এমন অবস্থান ইউরোপীয় কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়েছে। তাদের আশঙ্কা, পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প রাশিয়ার বক্তব্যকে গুরুত্ব দিতে পারেন। এমনকি যুদ্ধের বাস্তব পরিস্থিতি নিয়ে মস্কোর বয়ান গ্রহণ করে তড়িঘড়ি কোনো সমঝোতায় পৌঁছাতে পারেন।
ইউরোপের এক কর্মকর্তা সিএনএনকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ট্রাম্প সর্বশেষ যার সঙ্গে কথা বলেন, তার কথাতেই প্রভাবিত হন। বৈঠকে তিনি কী বলবেন, সেটির পেছনেও এটি বড় ভূমিকা রাখতে পারে।’
আরেক ইউরোপীয় কূটনীতিকের ভাষ্য, এই বৈঠক থেকে ইউরোপের নিরাপত্তার জন্য ভালো কিছু আসবে, এমনটা কল্পনা করাও কঠিন।
ইউরোপের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বৈঠকের দৃশ্যমান রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, তিন নেতার একসঙ্গে উপস্থিতির দৃশ্য ইউরোপের জন্য অবশ্যই অস্বস্তিকর। তবে বৈঠকে বড় কোনো চুক্তি হয়ে যাবে, এমন আশঙ্কা তিনি তুলনামূলক কম করছেন।
ইউরোপীয় এক কর্মকর্তা বৈঠকটিকে পুতিনের দীর্ঘদিনের স্বপ্নের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, এই সম্মেলনের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট আবারও বিশ্বমঞ্চে নিজের অবস্থান জাহির করার সুযোগ পাবেন।
বৈঠক শেষে তিন নেতার একসঙ্গে তোলা ছবিটিও গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তাদের আশঙ্কা, ছবিটি পশ্চিমা বিশ্বের প্রভাব কমে যাওয়ার প্রতীক হয়ে উঠতে পারে। সেখানে থাকবেন ইউক্রেনে আগ্রাসন চালানো পুতিন, রাশিয়ার প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগী শি এবং সেই মার্কিন প্রেসিডেন্ট, যিনি ইউক্রেনকে চাপ দিয়ে সমঝোতায় আনতে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতিতে পরিবর্তন এনেছেন।
ইউরোপের উদ্বেগের অন্যতম কারণ, এই বৈঠক পুতিনকে আন্তর্জাতিক রাজনীতিতে স্বাভাবিক অবস্থানে ফিরে আসার সুযোগ করে দিতে পারে।
ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমা বিশ্বের বড় অংশের কাছে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু শেনজেনের বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে একই টেবিলে বসার সুযোগ পাচ্ছেন তিনি। এতে রাশিয়াকে আবারও বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
বৈঠকে ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের বক্তব্যের সঙ্গে একমত হন, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে যুদ্ধের বাস্তবতা নিয়ে রাশিয়ার দাবি মেনে নিয়ে ট্রাম্প কোনো সমঝোতায় পৌঁছালে ইউক্রেনের ওপর নতুন চাপ তৈরি হবে।
ইউরোপীয় কর্মকর্তাদের একটি অংশ আশা করছেন, চীন হয়তো ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। তাদের এমন প্রত্যাশার পেছনে কয়েকটি কারণ রয়েছে।
চীন একসময় পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কমাতে চাপ দিয়েছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণমাত্রায় অস্ত্র সরবরাহের পথেও যায়নি বেইজিং। পাশাপাশি বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষাও রয়েছে চীনের।
তবে এ আশাবাদকে বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলাতে পারছেন না বিশ্লেষকেরা। কারণ, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় চীনের জন্যও কৌশলগতভাবে অস্বস্তিকর হতে পারে। মস্কো-বেইজিংয়ের গুরুত্বপূর্ণ মিত্র। যুদ্ধে রাশিয়া অপমানজনক পরিণতির মুখে পড়ুক, তা চীন চাইবে না।
এ ছাড়া ইরান ও ভেনেজুয়েলার মতো চীনের মিত্রদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানও বেইজিংয়ের হিসাব-নিকাশে প্রভাব ফেলতে পারে। ইউক্রেনে পশ্চিমা বিশ্বের পরাজয় চীনের কাছে একধরনের কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে।
গত এক মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগ নিয়ে ইউক্রেন ও ইউরোপীয় ন্যাটো দেশগুলোর উদ্বেগ বেড়েছে। এ উদ্যোগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে তাদের কূটনৈতিক অভিজ্ঞতা ও সাফল্য নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রথমে রাশিয়ার ডিজেল কেনার বিষয়ে ট্রাম্পের উদ্যোগ সামনে আসে। এর ফলে কয়েক বছরের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার এবং রাশিয়ার যুদ্ধ তহবিল আবার শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এরপর ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মার্কিন গোয়েন্দা তথ্য বিনিময় ও স্টারশিল্ড সেবা নিয়ে রহস্যজনক স্থগিতাদেশের ঘটনা ঘটে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় এসব সহায়তা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হোয়াইট হাউস এ ধরনের স্থগিতাদেশের ঘটনা অস্বীকার করেছে কিংবা এর গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।
গত মাসে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় উইটকফ রুশ প্রেসিডেন্টকে ‘মানবিক’ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক সেনা সদস্য স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।
এরপর ওয়াশিংটনে পুতিনের দূতের সঙ্গে বৈঠকের পর কুশনার শান্তি আলোচনার বিষয়টিকে নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো তৈরির উদ্যোগ হিসেবে তুলে ধরেন। এতে রাশিয়ার দীর্ঘদিনের সেই বক্তব্যের প্রতিফলন দেখা যায়, যেখানে ন্যাটোকেই সংঘাতের মূল কারণ হিসেবে উপস্থাপন করা হয়।
অথচ ২০০৮ সালে জর্জিয়া এবং ২০১৪ ও ২০২২ সালে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালিয়েছে রাশিয়া। ফলে ন্যাটোকে আগ্রাসী পক্ষ হিসেবে উপস্থাপনের রুশ বক্তব্য নিয়ে ইউরোপের আপত্তি দীর্ঘদিনের।
শান্তি আলোচনার একপর্যায়ে ইউক্রেনের জন্য স্টারশিল্ড সেবায় আরও বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর কুশনার মস্কো সফরে যান। তার উদ্দেশ্য ছিল, ইউরোপকে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় যুক্ত করার বিষয়ে পুতিনের সম্মতি পাওয়া।
সফর শেষে কুশনার দাবি করেন, পুতিন এতে সম্মতি দিয়েছেন। কিন্তু ক্রেমলিন সরাসরি সেই দাবি নাকচ করে দেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দনবাসের বাকি অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন কুশনার বলে মনে হয়েছে।
ইউরোপের উদ্বেগ এখানেই। তাদের আশঙ্কা, শান্তি প্রতিষ্ঠার নামে ইউক্রেনের ভূখণ্ড ও নিরাপত্তা নিয়ে এমন সমঝোতা হতে পারে, যার সবচেয়ে বড় সুবিধাভোগী হবে রাশিয়া।
শেনজেনের বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করার সুযোগ থাকলেও দুই পরিস্থিতির মধ্যে বড় পার্থক্য রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্যের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন তিন দেশই ছিল যুদ্ধের বিজয়ী শক্তি। তাদের সিদ্ধান্ত বিশ্বরাজনীতির গতিপথ বদলে দিয়েছিল।
কিন্তু শেনজেনের বৈঠকে অংশ নিতে যাওয়া তিন নেতা ভিন্ন বাস্তবতার মুখোমুখি। ট্রাম্প ও পুতিন নিজেদের পছন্দের যুদ্ধ ও সংঘাত নিয়ে চাপে রয়েছেন। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রযুক্তি ও অর্থনীতিতে দেশটিকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছেন। তবে তাইওয়ানকে কেন্দ্র করে সামরিক সংঘাতের প্রশ্নে বেইজিং এখনো সতর্ক অবস্থানে রয়েছে।
তাই শেনজেনের বৈঠক থেকে ইয়াল্টার মতো বিশ্ব ভাগাভাগির কোনো চুক্তি আসবে, এমন আশঙ্কা বাস্তবসম্মত নয়। তবে বৈঠকের রাজনৈতিক প্রভাব কম নয়।
বিশেষ করে রুদ্ধদ্বার আলোচনায় পুতিন যদি ট্রাম্পের কাছ থেকে ইউক্রেন নিয়ে কোনো ছাড় আদায় করতে পারেন, তাহলে যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে। প্রকাশ্যে কোনো ঘোষণা না এলেও ব্যক্তিগত সমঝোতা রাশিয়াকে নতুন করে সামরিক অভিযান চালানোর সুযোগ দিতে পারে।
ইউরোপের সবচেয়ে বড় ভয়, বৈঠকে ইউক্রেনের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি কিংবা স্থায়ী শান্তির বিষয়ে পুতিনের ওপর চাপ সৃষ্টি করা হবে না। বরং ইউক্রেন ও ইউরোপের কাছ থেকেই নতুন ছাড় দাবি করা হতে পারে।
এতে দনবাসের ছোট ছোট এলাকা দখলের জন্য রাশিয়া আরও কয়েক মাস সময় পেতে পারে। আর ইউক্রেনের সাধারণ মানুষকে আরও একটি কঠিন শীত পার করতে হতে পারে। রুশ হামলায় ঘরবাড়ি, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
‘ট্রাম্প, পুতিন ও শি’ তিন নেতার বয়সই ৭০ পেরিয়েছে। শি জিনপিংয়ের বয়স ৭৩, পুতিনের ৭৪ এবং ট্রাম্পের ৮০ বছর। বয়সের বিবেচনায় বিশ্বরাজনীতিতে নিজেদের ছাপ রেখে যাওয়ার সময়ও তাদের জন্য সীমিত হয়ে আসছে।
তবে এই তিন নেতার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও সিদ্ধান্তের প্রভাব আগামী কয়েক বছর বিশ্বরাজনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে।
বিশেষ করে ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি দুই বছর ইউরোপের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে গেলে তার প্রভাব পড়বে পুরো ইউরোপীয় নিরাপত্তাব্যবস্থায়।
শেনজেনের বৈঠক থেকে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসবে, তা এখনো অনিশ্চিত। তবে ইউরোপের আশঙ্কা, পুতিনের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ঘনিষ্ঠতা এবং শির সঙ্গে ক্ষমতার সমীকরণ ইউক্রেনের ভবিষ্যৎকে আরও জটিল করে তুলতে পারে।
সবচেয়ে বড় কথা, এই বৈঠকে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও সেই আলোচনার কেন্দ্রে ইউক্রেনের মানুষ কতটা জায়গা পাবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যে যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, অসংখ্য পরিবার স্বজন হারিয়েছে এবং পুরো একটি দেশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, সেই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে তাদের নিজস্ব অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
কিন্তু শেনজেনের বৈঠক ঘিরে ইউরোপের উদ্বেগ বলছে, বড় শক্তিগুলোর ক্ষমতার হিসাব-নিকাশে ইউক্রেনের স্বার্থ আবারও উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র : সিএনএন।
















