দেশের ব্যাংক খাতের প্রায় এক-তৃতীয়াংশ ঋণ এখন খেলাপি। শুধু খেলাপি ঋণ বেড়েই চলেছে না, এসব ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধনও নেই ব্যাংকগুলোর।
ফলে একদিকে খেলাপি ঋণ আদায়ের চাপ, অন্যদিকে মূলধন পুনর্গঠনের চ্যালেঞ্জ–দুই দিক থেকেই বড় সংকটে রয়েছে দেশের ব্যাংক খাত।
২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত দাঁড়িয়েছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। প্রয়োজনীয় প্রভিশনের বিপরীতে ঘাটতি রয়েছে এক লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা।
গতকাল শনিবার রাজধানীর শ্যামলীতে নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা : জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। এসব খেলাপি ঋণের ৮০ থেকে ৯০ শতাংশই সন্দেহজনক ও মন্দ শ্রেণিতে রয়েছে।
এ ধরনের ঋণের বড় অংশ আদায় করা কঠিন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আদালতের স্থগিতাদেশের কারণে ৮৪৫টি মামলায় এক লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকার ঋণ আটকে আছে।
অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন আদায় হচ্ছে না।
তার ভাষ্য, এর সঙ্গে আরও বড় সমস্যা হলো খেলাপি ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দেওয়ার মতো মূলধনও ব্যাংকগুলোর নেই।
তিনি উল্লেখ করেন, খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর মূল্যায়নে, খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ এমন অবস্থায় রয়েছে।
প্রতিবেদনে ব্যাংকভেদে খেলাপি ঋণের হারে বড় পার্থক্যের চিত্রও উঠে এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এ হার ৩১ দশমিক ৬ শতাংশ। বিদেশি ব্যাংকে সবচেয়ে কম, ৬ দশমিক ৫ শতাংশ।
তবে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি, ৫৮ দশমিক ৯ শতাংশ। এসব ব্যাংকে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। তাদের ঋণ-আমানত অনুপাত দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।
এদিকে, আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতি কমছে। আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ।
সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ৯ শতাংশে নেমে আসে।
প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। নীতি সুদহার ছিল ৯ দশমিক ৫০ শতাংশ। ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার।
জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ। আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল চার লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা।
তবে সামগ্রিকভাবে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত সংকট এতে আড়াল হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে ব্যাংক খাত। মার্চে এসএমই ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ। যেখানে লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ।
নারী উদ্যোক্তাদের ঋণের অংশ ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ।
গ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।
ব্যাংক খাতের সংকট মোকাবিলায় প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর ঋণ পর্যালোচনায় স্বাধীন নিরীক্ষা করা।
এ ছাড়া ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা এ বিষয়ে নীতিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে।
পাশাপাশি ব্যাংকগুলোর নগদ ঋণ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের কথাও বলা হয়েছে।
















