ঢাকা | বঙ্গাব্দ
ad728

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব বিশেষজ্ঞদের

সেন্ট্রাল ডেস্ক
সেন্ট্রাল ডেস্ক, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব বিশেষজ্ঞদের
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, আকার ও কর্মপরিধি নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে সংসদের উচ্চকক্ষের ভূমিকা, স্পিকার বা ভাইস-প্রেসিডেন্টকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা এবং উচ্চকক্ষ গঠনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া নির্ধারণের বিষয়।

আজ শনিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, বিশেষজ্ঞদের দেওয়া প্রস্তাবগুলো কমিটির প্রতিবেদনে তুলে ধরা হবে। সেসব প্রস্তামের ভিত্তিতে পরবর্তী সময়ে সংবিধান সংশোধনের বিল আসতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরও মতামত চেয়েছে কমিটি।

সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষ গঠিত হলে এবং সেটি সংসদের একই মেয়াদে বিলুপ্ত না হলে ভাইস-প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব বিবেচনায় আসতে পারে। উচ্চকক্ষের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা যায় কি না, সে বিষয়েও মতামত এসেছে। বিকল্প হিসেবে সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও রয়েছে।

তিনি উল্লেখ করেন, কমিটি সব প্রস্তাব পর্যালোচনা করে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট সবার মতামত পেলে তা বিবেচনায় নেওয়া সম্ভব হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির অষ্টম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংসদ সদস্য সাকিলা ফারজানা।

বৈঠকে দেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকেরা অংশ নেন। আমন্ত্রিত বিশেষজ্ঞদের মধ্যে ৪৪ জন উপস্থিত থেকে সংবিধান সংশোধন বিষয়ে লিখিত ও মৌখিক মতামত এবং প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংবিধানের মৌলিক কাঠামোর নীতি, বিচার বিভাগীয় পর্যালোচনা এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো গুরুত্ব পায়।

সংবিধানের অনুচ্ছেদ ৭০ সংশোধনের বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবিত সংশোধনে আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা বা যুদ্ধকালীন পরিস্থিতি—এই চারটি ক্ষেত্র ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ রাখার বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, বিচারক নিয়োগ আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলোর স্বাধীন কর্মপরিধি নির্ধারণ নিয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। সংবিধানের অনুচ্ছেদ ৭৬ অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিদের মনোনয়নের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
ad728
ad600