নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের জীবনে। বাসাভাড়া, জ্বালানি, পরিবহন ও চিকিৎসার মতো জরুরি খরচ বাড়ছে। অন্যদিকে, সেই তুলনায় বাড়ছে না মানুষের আয়। বরং মজুরি বৃদ্ধির হারও কমছে। ফলে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে এই চাপ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেশি থাকায় গ্রামাঞ্চলের মানুষের ওপর চাপ তুলনামূলক বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য বলছে, অক্টোবরে আগের মাসের তুলনায় দেশের সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে একই সময়ে কমেছে মজুরি বৃদ্ধির হারও। অক্টোবরে মূল্যস্ফীতি যেখানে ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, সেখানে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি। এতে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি হচ্ছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। সেই হিসাবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট।
তবে মূল্যস্ফীতি কমলেও মজুরি বৃদ্ধির চিত্রে স্বস্তি নেই। সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। অর্থাৎ এক মাসের ব্যবধানে মজুরি বৃদ্ধির হার কমেছে ০ দশমিক ২৭ শতাংশ পয়েন্ট। অক্টোবরে মূল্যস্ফীতির হার মজুরি বৃদ্ধির হারের চেয়ে ০ দশমিক ৬৪ শতাংশ পয়েন্ট বেশি ছিল।
এক বছর আগের চিত্রও একই ধরনের। ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ১০ শতাংশ পয়েন্ট। বিপরীতে মজুরি বৃদ্ধির হার কমেছে ০ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট। ফলে পণ্যের দাম ও সেবার খরচের সঙ্গে তাল মেলাতে পারছে না মানুষের আয়।
অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণে দেখা যায়, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে বেড়েছে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি। অক্টোবরে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪০ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। আর ২০২৫ সালের অক্টোবরে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কিছুটা স্বস্তি এলেও অন্যান্য খাতের বাড়তি খরচে সেই স্বস্তি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। আর গত বছরের একই মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে এ খাতের মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। এক বছরের ব্যবধানে বেড়েছে ০ দশমিক ৭৬ শতাংশ পয়েন্ট। বাসস্থান, জ্বালানি, পরিবহন ও সেবা খাতের ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে এ ক্ষেত্রে।
খাদ্যবহির্ভূত খাতের উপখাতগুলোর তথ্যেও ব্যয় বৃদ্ধির চিত্র স্পষ্ট। বাসস্থান, পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যস্ফীতি অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ। গত বছরের অক্টোবরে ছিল ৭ দশমিক ৮১ শতাংশ।
পরিবহন ও যাতায়াত খরচের ক্ষেত্রেও মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৩২ শতাংশে। সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ। ২০২৫ সালের অক্টোবরে এ হার ছিল ৬ দশমিক ৮০ শতাংশ।
বাসার বাইরে খাবার ও আবাসনের খরচেও মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে এ খাতে মূল্যস্ফীতি হয়েছে ১৪ দশমিক ১৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ১৩ দশমিক ২৬ শতাংশ। গত বছরের একই মাসে ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। এ ছাড়া পোশাক ও জুতা খাতে অক্টোবরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৭ শতাংশে। ২০২৫ সালের অক্টোবরে এ হার ছিল ১৩ দশমিক ৫৭ শতাংশ। তামাক ও মাদকদ্রব্যজাতীয় পণ্যে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৬৭ শতাংশ।
শহর ও গ্রাম দুই অঞ্চলেই মূল্যস্ফীতির চাপ রয়েছে। তবে গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেশি। অক্টোবরে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশে। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের অক্টোবরে ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।
শহরাঞ্চলে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৭ দশমিক ২৫ শতাংশ থাকলেও অক্টোবরে কমে হয়েছে ৬ দশমিক ৪২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ। ২০২৫ সালের অক্টোবরে ছিল ৮ দশমিক ৯২ শতাংশ।
বিবিএসের মজুরি বৃদ্ধির সূচক বিশ্লেষণে দেখা গেছে, অর্থনীতির প্রধান তিন খাতের কোনোটিতেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির সমান হয়নি। কৃষি, শিল্প ও সেবা—সব খাতেই মজুরি বৃদ্ধির গতি কমেছে।
তথ্য অনুযায়ী, অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। আর ২০২৫ সালের অক্টোবরে ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার কমেছে ০ দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট।
শিল্প খাতেও একই প্রবণতা দেখা গেছে। উৎপাদন ও নির্মাণ খাতের সমন্বয়ে গঠিত এ খাতে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬২ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার কমেছে ০ দশমিক ৩৫ শতাংশ পয়েন্ট। আর সেবা খাতে বছরের ব্যবধানে মজুরি বৃদ্ধির হার কমেছে ০ দশমিক ২৯ শতাংশ পয়েন্ট।
অর্থাৎ প্রধান তিন খাতেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে রয়েছে। এতে জীবনযাত্রার বাড়তি খরচ সামলাতে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেছেন, অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। বিপরীতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় ০ দশমিক ৬৪ শতাংশ পয়েন্ট বেশি। এর অর্থ, মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে।
তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে পৌঁছানোয় বাসাভাড়া, জ্বালানি, পরিবহন ও চিকিৎসার মতো জরুরি খরচ সামলাতে পরিবারগুলোকে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও সামগ্রিক ব্যয়ের চাপ কমেনি। মানুষ সঞ্চয় কমাচ্ছে। পুষ্টিকর খাবার ও চিকিৎসার খরচও সংকুচিত করছে। কেউ কেউ ঋণ করেও সংসার চালাচ্ছে। গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি থাকলে কৃষক ও গ্রামীণ নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ে।
এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা উন্নত করার পরামর্শ দিয়েছেন ড. ফাহমিদা খাতুন। তার ভাষ্য, বাজার তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি বাসাভাড়া, পরিবহন ও জ্বালানির ব্যয় কমানোর উদ্যোগ প্রয়োজন। নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা বাড়াতে হবে। নিয়মিত মজুরি পর্যালোচনা, কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমেও মানুষের আয় বৃদ্ধির সুযোগ তৈরি করতে হবে।
















