ঢাকা | বঙ্গাব্দ
ad728

জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রায় ২০ ভাগ পদ শূন্য, বেশি ক্যাডার পর্যায়ে

শাফিন জামান
শাফিন জামান, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রায় ২০ ভাগ পদ শূন্য, বেশি ক্যাডার পর্যায়ে
মন্ত্রণালয়টিতে অনুমোদিত ৬২৯টি পদের মধ্যে বর্তমানে ১২৪টি শূন্য রয়েছে।
সরকারি চাকরিতে নিয়োগ, বদলি ও পদোন্নতিসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অথচ সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েই রয়েছে বড় ধরনের জনবল সংকট। অনুমোদিত পদের প্রায় ২০ শতাংশই শূন্য।

ফলে একেকজন কর্মকর্তাকে সামলাতে হচ্ছে একাধিক দায়িত্ব। এতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক ও প্রশাসনিক কাজ। এ সংকট কাটাতে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এবং সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপিত এ সংক্রান্ত সারসংক্ষেপ থেকে জানা গেছে, মন্ত্রণালয়টিতে অনুমোদিত ৬২৯টি পদের মধ্যে বর্তমানে ১২৪টি শূন্য রয়েছে।

অর্থাৎ মোট পদের প্রায় ১৯ দশমিক ৭ শতাংশই খালি। এতে দৈনন্দিন দাপ্তরিক কাজ পরিচালনায় সমস্যা হচ্ছে।

তবে জনবল সংকট কাটাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। তিনি বলেছেন, সব সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন মেয়াদি পরিকল্পনাও রয়েছে।

‘জনবল নিয়োগে সরকারের প্রথম ১৮০ দিনের যে লক্ষ্যমাত্রা ছিল, তা অনেকটাই পূরণ হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শূন্য পদগুলোও দ্রুত পূরণ করা হবে’, যোগ করেন প্রতিমন্ত্রী বারী।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের সরকারি দপ্তরগুলোর শূন্য পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে ক্যাডার পর্যায়ে। এসব পদ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পূরণ হওয়ার কথা। মন্ত্রণালয়ে অনুমোদিত ১৫৪টি ক্যাডার পদের বিপরীতে কর্মরত আছেন ৯০ জন। ফলে শূন্য রয়েছে ৬৪টি পদ। জনবলের এই ঘাটতিতে একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব সামলাতে হচ্ছে।

শূন্য পদের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ১১ থেকে ১৬তম গ্রেড। এ গ্রেডগুলোতে অনুমোদিত ১৭১টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৩৮ জন। শূন্য রয়েছে ৩৩টি পদ।

এ ছাড়া দশম গ্রেডে ১৪৬টি অনুমোদিত পদের মধ্যে ১৩০টিতে কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। ফাঁকা রয়েছে ১৬টি পদ। সবচেয়ে কম শূন্য পদ রয়েছে ১৭ থেকে ২০তম গ্রেডে। এ গ্রেডে অনুমোদিত ১৫৮টি পদের মধ্যে ১৪৭টিতে জনবল রয়েছে। শূন্য রয়েছে ১১টি পদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী জনবল নিয়োগের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে অনেক শূন্য পদ পূরণ করা হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে পূরণ হয়েছে ২ হাজার ৬১টি পদ।

এ ছাড়া নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ও মাঠ প্রশাসনে ৪ হাজার ৪৫৯টি শূন্য পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মো. ফিরোজ মিয়া বলেছেন, সরকারি দপ্তরগুলোর শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক পদ খালি রয়েছে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে বলে তিনি শুনেছেন। তবে নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করা দরকার।
ad728
ad600