প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২১৭ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে রপ্তানি বেড়েছে সবচেয়ে বেশি। দেশটিতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০৭ শতাংশের বেশি। এ ছাড়া জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বাজারেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে তুরস্কে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। সেই হিসাবে রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
চার মাসে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। অপ্রচলিত বাজারে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ এসেছে দেশটি থেকে। একই সঙ্গে এসব বাজারে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে তুরস্কের অংশীদারিও বেড়েছে। গত বছরের একই সময়ে অপ্রচলিত বাজারে তুরস্কের অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।
তবে অপ্রচলিত বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য জাপান। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ। অপ্রচলিত বাজারে মোট পোশাক রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। দেশটিতে রপ্তানি আয় হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলার। তবে ভারতের বাজারে রপ্তানি কমেছে। দেশটিতে পোশাক রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ কোটি ৯ লাখ ডলারে।
শীর্ষ পাঁচ বাজারের বাইরেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১০৬ কোটি ডলার। অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ এসেছে এসব দেশ থেকে।
শুধু চার মাসের হিসাবেই নয়, অক্টোবর মাসেও অপ্রচলিত বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত ছিল। এ মাসে এসব বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।
অক্টোবর মাসে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। এ সময়ে দেশটিতে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানির হিসাবে জাপানের পরই রয়েছে তুরস্ক। অক্টোবরে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসের তুলনায় এ রপ্তানি বেড়েছে ১ দশমিক ৬৪ শতাংশ।
একই সময়ে অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ ডলারে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ডলার। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি কমেছে ৪ দশমিক ৬০ শতাংশ। দেশটিতে অক্টোবরে পোশাক রপ্তানি হয়েছে ৩ কোটি ৪ লাখ ডলারের।


.jpg)













