বিদেশি ঋণ ও বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে সংস্থাটি থেকে সরাসরি ঋণ, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং বেসরকারি প্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগের জন্য আবেদন করতে পারবে বাংলাদেশ।
পাশাপাশি অন্য উৎস থেকে নেওয়া ঋণের গ্যারান্টি ও রাজনৈতিক ঝুঁকিসহ বিভিন্ন ধরনের বিমা সুরক্ষা পাওয়ার সুযোগও তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগানো গেলে উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়নের নতুন উৎস তৈরি হবে। একই সঙ্গে বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণও সহজ হতে পারে।
বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও টেলিযোগাযোগসহ সাতটি অগ্রাধিকার খাতে অর্থায়নের সুযোগ রয়েছে। তবে তালিকায় অন্তর্ভুক্ত হওয়াই অর্থ পাওয়ার নিশ্চয়তা নয়। প্রতিটি প্রকল্পকে ডিএফসির নির্ধারিত শর্ত পূরণ এবং মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
বাংলাদেশের এ যোগ্যতা অর্জনকে স্বাগত জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, শ্রমবান্ধব নীতি গ্রহণ ও শ্রম আইন প্রণয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ এ যোগ্যতা অর্জন করেছে। তাঁর মতে, এর ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে।
গত সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) বাংলাদেশকে তাদের অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করে।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক অধিকার, সংগঠন করার স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ এ যোগ্যতা অর্জন করতে পারেনি।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, বর্তমান অর্থনৈতিক চাপের সময়ে অর্থায়নের নতুন উৎস পাওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক।
তার ভাষ্য, সরাসরি বড় অঙ্কের ঋণ বা বিনিয়োগ না পাওয়া গেলেও ডিএফসির গ্যারান্টি ও বিমা সুরক্ষা ব্যবহার করে অন্য উৎস থেকে বড় ঋণ বা বিনিয়োগ সংগ্রহ সহজ হতে পারে। এতে ঋণদাতাদের কাছে বাংলাদেশের ঝুঁকি কম বলে বিবেচিত হবে। পাশাপাশি ঋণের মেয়াদ বাড়ানো ও সুদ কমানোর বিষয়ে দর-কষাকষির সুযোগ তৈরি হবে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেছেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এখনো কঠিন ও ব্যয়বহুল বলে বিবেচিত হয়। এ কারণে বিদেশি বিনিয়োগকারীরা প্রায়ই নিরুৎসাহিত হন। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি কমানোর বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ এসব উদ্বেগ কিছুটা কমাতে পারে। বিশেষ করে জ্বালানি ও ডিজিটাল অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে।
ডিএফসি কী এবং কেন অর্থায়ন করে
ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা। ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি পুঁজি সংগ্রহ এবং আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে কাজ করে এটি। ২০২৫ সালে সংস্থাটিকে কার্যক্রম সম্প্রসারণের ক্ষমতা দেওয়া হয়।
ডিএফসির বিনিয়োগের অন্যতম উদ্দেশ্য হলো মিত্র ও অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। পাশাপাশি মার্কিন করদাতাদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করা এবং প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখাও এর লক্ষ্য। বর্তমানে ১৯২টি দেশ সংস্থাটির অর্থায়নের যোগ্য। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ।
ছয় ধরনের অর্থায়ন সুবিধা
ডিএফসি থেকে ছয় ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ২৫ বছর মেয়াদি সরাসরি ঋণ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগ। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও অর্থায়ন করে সংস্থাটি। এ ছাড়া বেসরকারি খাতের মূলধন ঘাটতি পূরণে সরাসরি ঋণ ও ইকুইটি বিনিয়োগের সুযোগ রয়েছে।
বিনিয়োগের ঝুঁকি মোকাবিলায় মুদ্রা বিনিময়ের অস্থিরতা, সরকারি হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সম্ভাব্য ক্ষতির বিপরীতে বিমা সুরক্ষা দেয় ডিএফসি। পাশাপাশি ঋণ পরিশোধের গ্যারান্টিও দিয়ে থাকে।
এসব সুবিধার মধ্যে ঋণের গ্যারান্টি ও বিমা সুরক্ষা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। বিদেশি ঋণদাতা ও বিনিয়োগকারীরা কোনো দেশে অর্থায়নের আগে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ঝুঁকি বিবেচনা করেন। ডিএফসির সুরক্ষা থাকলে এসব ঝুঁকির প্রভাব কমতে পারে। এতে আন্তর্জাতিক ঋণদাতা ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। বড় প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের সুযোগও তৈরি হতে পারে।
সাতটি খাতে বিনিয়োগের সুযোগ
ডিএফসি মূলত সাতটি খাতে বিনিয়োগ করে। খাতগুলো হলো গুরুত্বপূর্ণ খনিজসম্পদ, অবকাঠামো ও লজিস্টিকস, জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবা। বাংলাদেশ চাইলে এসব খাতের প্রকল্প বাস্তবায়নে সংস্থাটির অর্থায়নের জন্য আবেদন করতে পারবে।
বাংলাদেশের জন্য জ্বালানি ও অবকাঠামো খাত বিশেষ গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন, পরিবহণ অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি এবং টেলিযোগাযোগে বড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। এসব খাতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়লে নতুন পুঁজি ও প্রযুক্তি আসার সম্ভাবনা তৈরি হবে।
ডিএফসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন দেশে ৪০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে সংস্থাটি। এ ছাড়া অর্থায়নের ঘাটতি মোকাবিলায় ৭০ কোটি ডলারের গ্যারান্টি দিয়েছে।
অর্থায়ন পেতে পাঁচটি শর্ত
ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় যুক্ত হওয়া কেবল প্রথম ধাপ। কোনো প্রকল্প বা ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থায়ন পেতে হলে পাঁচটি প্রধান শর্ত পূরণ করতে হবে।
প্রথমত, প্রকল্প বা ব্যবসাপ্রতিষ্ঠানটি ডিএফসির কার্যক্রম পরিচালনার আওতাভুক্ত কোনো দেশে অবস্থিত হতে হবে। বর্তমানে ১৯২টি দেশ এ তালিকায় রয়েছে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা এ তালিকায় রয়েছে।
দ্বিতীয়ত, প্রকল্পকে ডিএফসির পরিবেশ ও সামাজিক মানদণ্ড মেনে চলতে হবে। পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থরক্ষার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্পটি স্বাগতিক দেশের জন্য ইতিবাচক প্রভাব তৈরি করছে কি না, তা বিবেচনা করা হবে।
তৃতীয়ত, প্রকল্পটি ডিএফসির উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অথবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অর্থায়ন করে সংস্থাটি। এ ক্ষেত্রে দরিদ্রতম দেশ ও সংঘাতপ্রবণ অঞ্চলগুলোকেও বিবেচনায় রাখা হয়।
চতুর্থত, সংশ্লিষ্ট বিনিয়োগকারী বা ব্যবসাপ্রতিষ্ঠানের ওই শিল্প খাতে সাফল্যের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প পরিচালনার জন্য ব্যবস্থাপনা দলের প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।
পঞ্চমত, একই বা কাছাকাছি ধরনের ব্যবসায় সাম্প্রতিক সময়ে সফলতার প্রমাণিত রেকর্ড থাকতে হবে। আর্থিক বিবরণীর মাধ্যমেও সেই সাফল্যের প্রমাণ দেখাতে হবে।
যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও গুরুত্বপূর্ণ
ডিএফসির অর্থায়ন শুধু উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির স্বার্থও জড়িত। সংস্থাটির বিনিয়োগের অন্যতম লক্ষ্য হলো অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখা।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি মূলধন সংগ্রহ এবং বাণিজ্যিকভাবে লাভজনক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হবে।
তবে এ সুযোগ কাজে লাগাতে হলে শুধু যোগ্যতার স্বীকৃতি পেলেই চলবে না। প্রয়োজন হবে উপযুক্ত প্রকল্প তৈরি, নির্ধারিত শর্ত পূরণ এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন। নতুন এ সুযোগকে বাস্তব ঋণ ও বিনিয়োগে রূপান্তর করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।


















