জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। ওই দিন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। আবেদন চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
গত সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এবার ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও বহাল রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের অধীন ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন বরাদ্দ রয়েছে।
কোন ইউনিটে কত আসন
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধীন ‘এ’ ইউনিটে আসন রয়েছে ৪২৪টি। কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধীন ‘সি’ ইউনিটে ৪০২টি আসন। সমাজবিজ্ঞান ও আইন অনুষদের অধীন ‘বি’ ইউনিটে ৩৯৬টি এবং জীববিজ্ঞান অনুষদের অধীন ‘ডি’ ইউনিটে ৩১৬টি আসন রাখা হয়েছে।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘ই’ ইউনিটে ১৭৬টি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) ৭০টি এবং নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের অধীন ‘সি১’ ইউনিটে ৬৪টি আসন রয়েছে।
আবেদনের যোগ্যতা ও জিপিএ
আবেদনের জন্য শিক্ষার্থীদের ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ইউনিটভেদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথক এবং মোট জিপিএর শর্ত আলাদা।
‘এ’ ইউনিটে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৭.৫০। ‘ডি’ ইউনিটে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ প্রয়োজন।
‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ চাওয়া হয়েছে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
‘সি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ প্রয়োজন। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ নির্ধারণ করা হয়েছে।
‘সি১’ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। ‘ই’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক জিপিএ ৩.৫০ এবং মোট ৭.৫০ প্রয়োজন। অন্যদিকে মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
আবেদন ফি ও পরীক্ষার মানবণ্টন
ভর্তি পরীক্ষার আবেদন ফি ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা। ‘ই’ ইউনিটের জন্য ৭০০ টাকা এবং ‘সি১’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় সব ইউনিটে ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এসব প্রশ্নের বিপরীতে মোট নম্বর ৯০। পরীক্ষার সময় ৫৫ মিনিট।


.jpg)














