জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অচলাবস্থার প্রভাব পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে। পরীক্ষা, ফল প্রকাশ, ভর্তি থেকে শুরু করে সনদ ও নম্বরপত্র সংগ্রহ–বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।
উপাচার্য ও অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।
১৯৯২ সালে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এর অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৫৭। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ৩৩ লাখ ৮৪ হাজার ৫৪৫ শিক্ষার্থী। শিক্ষাবিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী, অধিভুক্ত কলেজের সংখ্যার দিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বে শীর্ষে।
দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ৭১ দশমিক ৭৯ শতাংশই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে পড়ছেন। ফলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অচলাবস্থায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও প্রয়োজনীয় সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে পরীক্ষা ও ফল প্রকাশ নিয়ে। বিভিন্ন বর্ষের পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ ও ফল সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ ছাড়া পরীক্ষার সময়সূচি তৈরি, কেন্দ্র নির্ধারণ, প্রবেশপত্র প্রস্তুত এবং অন্যান্য দাপ্তরিক কাজেও বিলম্ব হতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত হলেও পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সমন্বয় ও অনুমোদনের প্রয়োজন রয়েছে। ফলে শুধু একটি দপ্তর খোলা থাকলেই সব কাজ স্বাভাবিকভাবে চলবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিশেষ করে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি বা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার বিষয়টি জড়িত, তাদের অনিশ্চয়তা আরও বেশি।
অফিস বন্ধ থাকায় অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের ভর্তি কার্যক্রমেও প্রভাব পড়েছে। ভর্তি নিশ্চয়ন, তথ্য সংশোধন, আবেদনসংক্রান্ত জটিলতা নিরসন এবং শিক্ষার্থীদের অভিযোগ নিষ্পত্তির কাজ বিলম্বিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ শেষ না হলে ভর্তিচ্ছুদের ভোগান্তিতে পড়তে হবে।
একইভাবে সাময়িক ও মূল সনদ, নম্বরপত্র এবং ট্রান্সক্রিপ্ট সংগ্রহের কাজেও বিঘ্ন ঘটছে। অনেক শিক্ষার্থীর কাছে এসব কাগজপত্র কেবল শিক্ষাজীবনের নথি নয়, বরং চাকরির আবেদন, উচ্চশিক্ষায় ভর্তি কিংবা বিদেশে পড়াশোনার জন্য জরুরি প্রয়োজন। নির্ধারিত সময়ে সনদ ও নম্বরপত্র না পেলে তাদের ব্যক্তিগত ও পেশাগত পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় ২ হাজার ২৫০টি কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর সরাসরি যুক্ত। কলেজ পরিদর্শন, অধিভুক্তি নবায়ন, নতুন বিষয় অনুমোদন, শিক্ষক নিয়োগের অনুমোদন এবং গভর্নিং বডি-সংক্রান্ত কাজ এসব দপ্তরের মাধ্যমে সম্পন্ন হয়। অফিস বন্ধ থাকায় এসব কার্যক্রমেও স্থবিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক সংস্কার, ডিজিটাল সেবা সম্প্রসারণ, পরীক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং সেশনজট কমানোর উদ্যোগও সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলাবস্থার সূত্রপাত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর চাকরিতে পুনর্বহাল-পরবর্তী বিভিন্ন দাবি নিয়ে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া এসব কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং চাকরিচ্যুতির সময়ের ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছেন।
এসব দাবিকে কেন্দ্র করে গত সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে প্রধান ফটক বন্ধ করে বেলা ৩টার দিকে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করা হয়। এতে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার কার্যালয়ে আটকা পড়েন। প্রায় ৯ ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপাচার্য জানিয়েছিলেন, তিনি প্রায় ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন।
পরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে তার প্রশাসন কোনো কাজ করবে না। আদালতের রায়ের আলোকে যা করার, তা করা হয়েছে। বাকি বিষয়ে সরকার সিদ্ধান্ত দিলে সেটি বাস্তবায়ন করা হবে। কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না বলেও জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিত ব্যক্তিদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা বলা হয়। ওই সময়ে তাদের জ্যেষ্ঠতাও অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।
তবে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধ কিংবা ওই সময়ের পদোন্নতি নিয়ে আদালতের রায়ে সরাসরি কোনো নির্দেশনা নেই। অসাধারণ ছুটি হিসেবে গণ্য করায় ওই সময়ের বেতন পাওয়ার সুযোগও নেই বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসনের আশঙ্কা, আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হলে অন্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই ধরনের দাবি তুলতে পারেন। এ কারণে আইন ও বিধিবিধান মেনেই বিষয়টি নিষ্পত্তি করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


.jpg)














