পারিবারিক সহিংসতার শিকার হয়ে গত ৫ বছর ১০ মাসে স্বামীর হাতে খুন হয়েছেন ১ হাজার ১৭৬ নারী। একই সময়ে নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন আরও ৮৩০ নারী। শুধু চলতি বছরের প্রথম ১০ মাসেই পারিবারিক সহিংসতায় খুন হয়েছেন ২২৪ নারী। এ সময়ে আত্মহত্যা করেছেন ১০৭ জন।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যানে উঠে এসেছে এমন চিত্র। আসকের এই পরিসংখ্যান বলছে, স্বামী, শ্বশুরবাড়ি কিংবা নিজের পরিবারের সদস্যদের কাছেও নিরাপদ নন অনেক নারী।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংস্থার নিজস্ব নথির ভিত্তিতে তৈরি এই হিসাব অনুযায়ী, গত ৫ বছর ১০ মাসে দেশে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩ হাজার ৮৮টি। এসব ঘটনায় খুন হয়েছেন ১ হাজার ৭৮৯ নারী।
অর্থাৎ, পারিবারিক সহিংসতার প্রায় ৫৮ শতাংশ ঘটনায় প্রাণহানি ঘটেছে। তবে এই পরিসংখ্যান দেশের পারিবারিক সহিংসতার পূর্ণাঙ্গ চিত্র নয়।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩৭৯টি। এসব ঘটনায় ২২৪ নারী খুন হয়েছেন। তাদের মধ্যে ৬৬ শতাংশ স্বামীর হাতে, ১৭ শতাংশ শ্বশুরবাড়ির সদস্যদের হাতে এবং ২০ শতাংশ বাবার বাড়ির সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। একই সময়ে নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন ১০৭ নারী। তাদের বড় অংশই তরুণ।
এমন বাস্তবতায় বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে সচেতনতা তৈরি এবং প্রতিরোধ গড়ে তোলাই দিবসটির মূল লক্ষ্য।
আসকের তথ্য বলছে, গত প্রায় ছয় বছরে স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন ১ হাজার ১৭৬ নারী। শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির সদস্যদের হাতে হত্যার সংখ্যা কাছাকাছি। তবে বাবার বাড়িতে হত্যার প্রবণতা কিছুটা বেশি। এসব হত্যাকাণ্ডের অর্ধেকের বেশি ঘটনায় মামলা হয়নি।
আসকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যৌতুক, পরকীয়া ও দাম্পত্যকলহ নারী হত্যার অন্যতম কারণ। এ ছাড়া সম্পত্তির বিরোধ, সন্তান নিয়ে চাপ এবং পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে শ্বশুরবাড়িতে নারীরা হত্যার শিকার হচ্ছেন।
বাবার বাড়িতেও হত্যার পেছনে রয়েছে সম্পদ ও জমি নিয়ে বিরোধ, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, পারিবারিক কলহ এবং প্রাপ্য অর্থ দাবি করার মতো কারণ।
নারী অধিকার সংগঠন নারীপক্ষের সদস্য শিরীন হক মনে করেন, নারীকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে পুরুষতান্ত্রিক ক্ষমতাকে।
তিনি বলেছেন, নারী-পুরুষের শ্রেণিবিভাজন ভাঙছে। নারীরা প্রতিষ্ঠিত হচ্ছেন। কিন্তু এ দেশে ‘স্বামিত্ব’ এমন এক ক্ষমতার হাতিয়ার, যা দিয়ে ইচ্ছামতো নারীকে নির্যাতন করা যায়।
শিরীন হকের ভাষ্য, সম্পত্তির ক্ষেত্রে অসম উত্তরাধিকার আইনের কারণে পৈতৃক সম্পত্তিতে নারীর প্রাপ্য হিস্যা দিতে চান না বাবার বাড়ির অনেক সদস্য। প্রয়োজনে তাঁরা নির্যাতন ও সহিংসতার পথও বেছে নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হকও মনে করেন, ‘স্বামীর বাড়ি কিংবা বাবার বাড়ি’ দুই জায়গাতেই নারীকে মানুষ হিসেবে বিবেচনা করা হয় না। পরিবারের সদস্যরা কখনো সরাসরি নির্যাতন করেন, কখনো নির্যাতনে উসকানি দেন। ফলে নারীর ওপর সহিংসতা ও জোরজবরদস্তি চলতে থাকে।
তার মতে, সন্তানদের সঠিকভাবে প্রতিপালন এবং রাষ্ট্রের আইন কার্যকর করা গেলে এ ধরনের ঘটনা কমানো সম্ভব।
পারিবারিক সহিংসতায় নির্যাতন ও হত্যার অধিকাংশ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয় না। অনেক ক্ষেত্রে শুরুতে মামলা হলেও পরে আপস-মীমাংসা হয়ে যায়। আসকের পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছর ১০ মাসে পারিবারিক সহিংসতার ৫৬ শতাংশ ঘটনায় কোনো মামলা হয়নি।
আইনবিদদের মতে, সংসার ভেঙে যাওয়ার ভয়, সন্তানদের ভবিষ্যৎ এবং প্রতিশোধের আশঙ্কায় অনেক নারী মামলা করতে চান না। পারিবারিক সহযোগিতার অভাবও তাঁদের আইনি পদক্ষেপ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এ ছাড়া দীর্ঘ বিচারপ্রক্রিয়া, মামলা পরিচালনার খরচ এবং বিচার পাওয়ার অনিশ্চয়তার কারণেও অনেকে মামলা থেকে বিরত থাকেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্রাইম অ্যান্ড জাস্টিস স্টাডিজের সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাজুল ইসলাম বলেছেন, পারিবারিক সহিংসতার ঘটনায় শাস্তি দেওয়া সম্ভব নয়, এমন ধারণা থেকেও অনেকে মামলা করতে আগ্রহী হন না।
তার ভাষ্য, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এ পারিবারিক সহিংসতার জন্য সরাসরি শাস্তির বিধান রাখা হয়নি। এর উদ্দেশ্য হলো, নির্যাতনের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক যেন পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে যায়। তবে আদালতের দেওয়া সুরক্ষা আদেশ অমান্য করলে শাস্তির বিধান রয়েছে।


.jpg)














