রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। এতে আমদানিকারকদের খরচ কমবে, বাড়তে পারে ফলের সরবরাহও।
ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমানোর সুফল রমজানের বাজারে পড়বে। তবে প্রশ্ন উঠেছে, আমদানি পর্যায়ে খরচ কমলেও খুচরা বাজারে তার প্রতিফলন কতটা দেখা যাবে। শেষ পর্যন্ত সাধারণ ক্রেতারা কি কম দামে এসব ফল কিনতে পারবেন?
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সুবিধা এরই মধ্যে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত সব ধরনের তাজা ও শুকনো খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক দিতে হবে ৫ শতাংশ। প্যাকেটজাত ও খোলা, উভয় ধরনের খেজুরের ক্ষেত্রে চারটি এইচএস কোডের আওতায় এ সুবিধা প্রযোজ্য হবে।
এ ছাড়া আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস তাজা আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় থাকবে। এ সময় ফল দুটি আমদানিতে রেগুলেটরি ডিউটি ৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক ২০ শতাংশের অতিরিক্ত অংশ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ও আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, রমজান শুরুর বেশ আগেই এ সুবিধা ঘোষণা করায় আমদানিকারকেরা প্রস্তুতির সময় পাচ্ছেন। তারা আগাম ঋণপত্র (এলসি) খুলে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় পরিমাণ ফল সংগ্রহ করতে পারবেন। এতে রমজানকেন্দ্রিক আমদানি ও সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে শুল্ক-কর ছাড়ের সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছানো নিয়ে সংশয় রয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেছেন, সাধারণত শুল্ক-কর সুবিধা ব্যবসায়ীরা পেলেও তার সুফল ভোক্তাদের কাছে পৌঁছায় না। তাই সরকারের দেওয়া সুবিধা ক্রেতারা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে আমদানি, সরবরাহ ও খুচরা বাজারের দাম নিয়মিত তদারকি করতে হবে।
ব্যবসায়ীদের ভাষ্য, আমদানি পর্যায়ে শুল্ক-কর কমলেই খুচরা বাজারে ফলের দাম কমবে, এমন নিশ্চয়তা নেই।
শুল্ক কমলে কতটা কমবে দাম
বিদেশি ফল আমদানিতে এত দিন চড়া শুল্ক ছিল। সরকারি সিদ্ধান্তে আপেল ও মাল্টা আমদানিতে আগে মোট করভার ছিল ১২১ শতাংশ। তা কমিয়ে ৬১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস এ সুবিধা কার্যকর থাকবে।
অন্যদিকে, রমজানে অপরিহার্য খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ সুবিধা ১৬ নভেম্বর থেকে আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
ফল আমদানিকারক প্রতিষ্ঠান আল মদিনা ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিনের আশা, শুল্ক কমানোর সুফল রমজানের বাজারে পাওয়া যাবে।
তিনি বলেছেন, নতুন করহার কার্যকর হলে মাল্টা ও কমলার প্রতি কার্টনে শুল্ক কমবে ৮০০ টাকা। সে হিসাবে কেজিতে কমবে ৫৪ টাকা। আপেলের ক্ষেত্রে শুল্ক কমবে কেজিতে ৪০ টাকা। শুল্ক ছাড়ের পাশাপাশি ঋণপত্র খোলা সহজ হওয়ায় এসব ফলের আমদানি আগের চেয়ে অনেক বাড়বে। আমদানি বাড়লে দাম আরও কমবে।
তবে বর্তমান বাজারদরের সঙ্গে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবধান বেশ বড়। চট্টগ্রামের বিদেশি ফলের পাইকারি বাজার ফলমণ্ডিতে ২০ কেজির আপেলের কার্টন বিক্রি হচ্ছে ৪ হাজার ৩০০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি ২১৫ টাকা। খুচরা বাজারে একই আপেল বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়।
অন্যদিকে, পাইকারি বাজারে ১৫ কেজির মাল্টার কার্টন বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকায়। কেজিপ্রতি দাম ২১৩ টাকা। খুচরা বাজারে সেই মাল্টার দাম ৪০০ টাকার বেশি। ফলে পাইকারি ও খুচরা দামের ব্যবধান থাকছে অনেক বেশি।
খেজুরের ক্ষেত্রেও শুল্ক ছাড়ে উল্লেখযোগ্য দাম কমার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তাদের হিসাবে, সাধারণ ও মাঝারি মানের খেজুরের কেজিতে দাম কমতে পারে ৬০ টাকা। দামি খেজুরের ক্ষেত্রে কমতে পারে ২৫০ টাকার বেশি।
আমদানিকারক নাসির উদ্দিন মাহমুদ বলেছেন, শুল্ক কমানোর সুফল পেতে হলে বাজারে সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজার তদারকিও প্রয়োজন। তাহলেই ভোক্তারা সঠিক দামে ফল কিনতে পারবেন।
শুল্ক কমানোর আগেই গত সেপ্টেম্বরে ফল আমদানির ঋণপত্র খোলার শর্ত সহজ করেছে সরকার। আগে ১ কোটি টাকার ফল আমদানি করতে ব্যবসায়ীদের পুরো টাকা আগাম ব্যাংকে জমা রাখতে হতো। শতভাগ মার্জিনের সেই বাধ্যবাধকতা এখন আর নেই। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এখন ১০ থেকে ২০ শতাংশ মার্জিনে এলসি খোলা যাচ্ছে। এমনকি ন্যূনতম মার্জিনে বা বাকিতেও ফল আমদানির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। এতে ছোট আমদানিকারকেরাও বাজারে ফিরছেন।
চট্টগ্রাম কাস্টমসের পরিসংখ্যানেও আমদানি বাড়ার চিত্র দেখা যাচ্ছে। ২০২৫ সালের পুরো বছরে দেশে প্রায় ১ লাখ ৪৯ হাজার টন আপেল আমদানি হয়েছিল। এ ছাড়া ১ লাখ ২৩ হাজার টন মাল্টা ও কমলা এবং ৯৪ হাজার টন খেজুর আমদানি হয়।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর এই ১০ মাসেই দেশে ১ লাখ ৫৫ হাজার টন আপেল এসেছে। একই সময়ে আমদানি হয়েছে ১ লাখ ১১ হাজার টন মাল্টা ও কমলা। তাজা ও শুকনো খেজুর এসেছে প্রায় ৭১ হাজার টন। ব্যবসায়ীদের আশা, শুল্ক কমানোর ফলে ডিসেম্বর পর্যন্ত আমদানি আরও বাড়বে।
রমজানের আগেই বাজারে ফলের সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছেন আমদানিকারকেরা। এরই মধ্যে সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করতে চীনে গেছেন কয়েকজন ব্যবসায়ী।
বেইজিং থেকে ফলমণ্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জানিয়েছেন, রমজানে চীন ও মিসরের মাল্টা বাজারে থাকবে। তিনি সেখানে গিয়ে সরবরাহকারীদের সঙ্গে বুকিং নিশ্চিত করছেন। তাঁর আশা, এবার বাজারে মাল্টার সরবরাহ অনেক বাড়বে।















