ঢাকা | বঙ্গাব্দ
ad728

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, কোন গ্রেডে কত বাড়ল

শাফিন জামান
শাফিন জামান, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, কোন গ্রেডে কত বাড়ল
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড।
তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন এই মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

কোন গ্রেডে কত মজুরি

নতুন মজুরিকাঠামোয় সবচেয়ে বেশি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এ গ্রেডে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে যা ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।

জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।

এ ছাড়া সর্বনিম্ন গ্রেডের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।

দীর্ঘ আলোচনার পর ভোটাভুটি

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা সোয়া তিনটায় বোর্ডের চতুর্থ সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভাটি চলে প্রায় ১০ ঘণ্টা।

এ সময় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মতবিরোধ থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটি হয়।

সভায় প্রথমে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এরপর ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান।

বোর্ডের ছয় সদস্য ভোট দেন। এর মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ভোট দেন ১৭ হাজার টাকার পক্ষে। ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বোর্ডের সভা শেষ হয়। পরে বোর্ডের একাধিক সদস্য নতুন মজুরি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠক শেষে ভোররাত ৪টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানিয়েছেন, মোট মজুরির মধ্যে মূল মজুরি ও বাড়িভাড়া কত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয় নির্ধারণ করতে বুধবার বোর্ডের আরেকটি সভা হবে।
ad728
ad600