জাতীয় সংসদের অধিবেশন চলছে। স্পিকার সভাপতির আসনে। কার্যসূচি অনুযায়ী সংসদের কাজ শুরুর অপেক্ষা। এর মধ্যেই এক সদস্য পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়িয়ে গেলেন। স্পিকার তাকে থামিয়ে রসিকতা করে বললেন, ‘ওয়ালাইকুমুস সালাম’ শোনার আগেই হাত তুলে ফেলেছেন!
গত ১০ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতে ঘটে এ ঘটনা। স্পিকারের তাৎক্ষণিক মন্তব্যে পরিস্থিতি হাস্যরসে রূপ নেয়। তবে এর মধ্য দিয়ে সংসদীয় কার্যপ্রণালি সম্পর্কে সদস্যদের অসচেতনতা কিংবা নিয়ম না মানার প্রবণতাও সামনে এসেছে।
চতুর্থ অধিবেশনে এসেও সংসদীয় রীতিনীতি ও কার্যপ্রণালি বিধি মেনে চলার সংস্কৃতি গড়ে ওঠেনি। পয়েন্ট অব অর্ডারের যথাযথ প্রয়োগ, বক্তব্য দেওয়ার নিয়ম ও সংসদীয় শিষ্টাচার অনুসরণে বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে বারবার ব্যত্যয়ের অভিযোগ উঠেছে।
একই চিত্র সরকারি দলের ক্ষেত্রেও। অধিবেশনে বিঘ্ন সৃষ্টি, অন্য সদস্যের বক্তব্যে বাধা দেওয়া এবং সভাপতির নির্দেশ অমান্য করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও। এমনকি সরকারি দলের চিফ হুইপকেও অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকারের কাছে অসন্তোষের মুখে পড়তে হয়েছে। বিভিন্ন সময়ে সতর্কতা ও নির্দেশনা দেওয়া হলেও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি।
সংসদের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তাই সংসদীয় গণতন্ত্র চর্চায় সদস্যদের পরিপক্বতা নিয়ে উঠছে প্রশ্ন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সদস্যদের আচরণ নিয়ে সতর্ক করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ করে নবীন সংসদ সদস্যদের কার্যপ্রণালি বিধি ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
তার ভাষায়, ‘কার্যপ্রণালি বিধি প্রত্যেক সংসদ সদস্যের জন্য বাইবেলের মতো।’ স্পিকার কোনো সদস্যকে উদ্দেশ করে কথা বললে তাকে নিজের আসনে বসে পড়ার নিয়মও স্মরণ করিয়ে দেন তিনি।
কিন্তু অধিবেশনের শুরুতেই বক্তব্যের সময়সীমা নিয়ে টানাপড়েন দেখা দেয়। রাষ্ট্রপতির ভাষণ ঘিরেও তৈরি হয় হট্টগোল। প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ থেকে ওয়াকআউট করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যরা।
সংবিধানের ৭৫ অনুচ্ছেদে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদের কাজ পরিচালনার কথা বলা হয়েছে। অর্থাৎ সংসদে কে কখন কথা বলবেন, কীভাবে প্রশ্ন উত্থাপন করবেন কিংবা পয়েন্ট অব অর্ডার ব্যবহার করবেন, এসবের নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে কী ব্যবস্থা নেওয়া যাবে, সেটিও বিধিতে উল্লেখ আছে।
কার্যপ্রণালি বিধির ১৫ নম্বর নিয়ম অনুযায়ী, গুরুতর বিশৃঙ্খল আচরণের জন্য কোনো সদস্যকে সংসদকক্ষ ত্যাগের নির্দেশ দিতে পারেন সভাপতি। ১৬ নম্বর নিয়মে সভাপতির কর্তৃত্ব অমান্য করা কিংবা ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে সদস্যের নাম উল্লেখ করে তাঁকে অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে।
সংসদে সরকারি দলের সদস্যদের আচরণ নিয়েও একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকারকে। বিশেষ করে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের বক্তব্যের সময় সরকারি দলের সদস্যদের বাধা দেওয়ার ঘটনা সংসদীয় বিতর্কের পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছে।
গত ৯ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশনে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিলের ওপর বক্তব্য দিচ্ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি সরকারের সমালোচনা শুরু করলে তাঁকে বাধা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। তখন সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সরকারি দলের সদস্যদের থামিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, একজন সদস্যের কথা বলার স্বাধীনতা রয়েছে। বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকলে বক্তৃতা শেষ হওয়ার পর তা খণ্ডন করা যেতে পারে। কোনো বক্তব্য অসংসদীয় হলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু কাউকে বক্তব্য দেওয়ার সুযোগই বন্ধ করে দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ সময় সরকারি দলের হুইপদের দায়িত্বও স্মরণ করিয়ে দেন তিনি।
এর কয়েক দিন পর সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির আচরণেও অসন্তোষ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। ৯ সেপ্টেম্বর রাতে সার সংকট নিয়ে ৬৮ বিধিতে আলোচনার সময় জামায়াতের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বক্তব্য দিচ্ছিলেন। এ সময় নিজের আসন ছেড়ে অন্য এক সরকারি দলের সদস্যের কাছে গিয়ে কথা বলতে থাকেন চিফ হুইপ। এতে বক্তাকে বক্তব্য থামাতে হয়।
পরিস্থিতিতে হস্তক্ষেপ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইজ অ্যাবসার্ড।’
গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় শিষ্টাচার নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সেদিন সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কিছু অংশকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবিও তোলেন তিনি। অন্যদিকে সরকারি দলের সদস্যদেরও বিরোধী দলের বক্তব্যে বাধা দিতে দেখা যায়।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্পিকার বলেন, সরকারি দলের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পূর্ণ স্বাধীনতা বিরোধী দলের রয়েছে। তবে একজন মন্ত্রীকে বক্তব্য শেষ করতে না দিয়ে সমস্বরে চেঁচামেচি করে তার বক্তব্য স্তব্ধ করে দেওয়া সুস্থ সংসদীয় রীতি হতে পারে না।
নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্পিকার সতর্ক করেছিলেন, এভাবে একে অপরকে বাধা দেওয়া এবং সভাপতির নির্দেশ অমান্য করার প্রবণতা চলতে থাকলে সংসদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে। সেদিন বিরোধীদলীয় নেতা ও স্পিকারের মধ্যেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই একযোগে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারি বিল উত্থাপন, সংস্কারসংক্রান্ত অধ্যাদেশের ভবিষ্যৎ এবং বেসরকারি সদস্য দিবসে সরকারি বিল আনার প্রতিবাদ জানান।
স্পিকার তাদের সংসদকক্ষ ত্যাগ না করার অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা। তাদের অভিযোগ ছিল, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেওয়া নোটিসগুলো আলোচনায় আনা হয়নি। সংসদ একপেশেভাবে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
শুধু সংসদ সদস্যদের আচরণ নয়, সংসদ পরিচালনার অন্যান্য বিষয়েও স্পিকার ও ডেপুটি স্পিকারকে অসন্তোষ প্রকাশ করতে হয়েছে। তৃতীয় অধিবেশনে স্পিকার সংসদকক্ষে মন্ত্রী ও সংসদ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার এবং সাইড টক নিয়ে আপত্তি জানান। প্রশ্নোত্তর ও নোটিসপর্বে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও বিধি ও সংসদীয় নজরদারির স্বার্থে সতর্ক অবস্থান নেন স্পিকার। মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিদের স্থায়ী কমিটির সভাপতি করার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাহী বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সংসদীয় কমিটির নেতৃত্বে থাকলে সরকারের ওপর কমিটির নজরদারি কতটা কার্যকর হবে, সেই প্রশ্নও সামনে আনেন।
এ ছাড়া বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বিদ্রুপ বা কটাক্ষের আশ্রয় না নেওয়ার পরামর্শ দেন স্পিকার। তার পরামর্শ ছিল, সমালোচনার জবাব দিতে হবে তথ্য ও যুক্তির ভিত্তিতে।


.jpg)















