ঢাকা | বঙ্গাব্দ
ad728

গ্রামীণ ব্যাংকের ১০% মালিকানা সরকারের, ৯০ ভাগ কার

রেজাউল হক
রেজাউল হক, স্টাফ করেসপন্ডেন্ট
ফেসবুকে শেয়ার
গ্রামীণ ব্যাংকের ১০% মালিকানা সরকারের, ৯০ ভাগ কার
সাম্প্রতিক হামলায় আক্রান্ত হয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা। কার্যালয়টিতে দেওয়া আগুনে পুড়ে গেছে ব্যাংকটির নেমপ্লেট।
ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল গ্রামীণ ব্যাংকের। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। তবে ব্যাংকটির মালিকানায় এখন তার কোনো ব্যক্তিগত শেয়ার নেই। বরং এর ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের। বাকি ১০ শতাংশ সরকারের।

গ্রামীণ ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছর ব্যাংকটির মালিকানা ও পরিচালনা কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের ৯০ শতাংশের মালিক ঋণগ্রহীতা সদস্যরা। বাকি ১০ শতাংশ সরকারের। এ ছাড়া ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে গ্রাহকদের মধ্য থেকে নির্বাচিত ৯ জন পরিচালক রয়েছেন।

বর্তমানে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৮ লাখ ২০ হাজার। এর মধ্যে ৯৬ দশমিক ৬৭ শতাংশ নারী। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। এ জন্য রয়েছে ২ হাজার ৫৬৮টি শাখা। এসব শাখায় কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ২৪ হাজার ২১৭ জন।

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ব্যাংক বিবেচনায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। হামলার ঘটনায় নতুন করে আলোচনায় ইউনূসের প্রতিষ্ঠিত ব্যাংকটি।

গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামোয় আগে সরকারের অংশীদারত্ব ছিল ২৫ শতাংশ। ঋণগ্রহীতা সদস্যদের মালিকানা ছিল ৭৫ শতাংশ। ২০১৩ সালের আইন অনুযায়ী এ কাঠামো নির্ধারিত হয়েছিল। এর আগে ২০১১ সালে সরকারের মালিকানা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়।

সংশোধিত কাঠামোয় সরকারের মালিকানা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। সদস্যদের মালিকানা বাড়িয়ে করা হয়েছে ৯০ শতাংশ।

পরিচালনা পর্ষদেও এসেছে পরিবর্তন। আগে ১৩ সদস্যের পর্ষদে সরকারের মনোনীত পরিচালক ছিলেন তিনজন। নতুন কাঠামোয় সরকারের মনোনীত পরিচালক থাকবেন একজন। চেয়ারম্যানও সরাসরি সরকার নিয়োগ করবে না। পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন তিনি। এ ছাড়া ঋণগ্রহীতা সদস্যদের ভোটে নির্বাচিত ৯ পরিচালক এবং নির্বাচিত পরিচালকদের মনোনীত তিনজন পরিচালক থাকবেন।

যেভাবে শুরু গ্রামীণ ব্যাংকের

১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের জোবরা গ্রামে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেন। সে সময় গ্রামের ৪২ জন দরিদ্র নারী মহাজনের ঋণের শোষণে জর্জরিত ছিলেন। তাদের ঋণের বোঝা থেকে মুক্তি দিতে নিজের পকেট থেকে ২৭ ডলার সমপরিমাণ টাকা ঋণ দেন ইউনূস।

ওই নারীদের ঋণ পরিশোধের অভিজ্ঞতা থেকেই জামানত ছাড়াই দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার ধারণাটি বাস্তব ভিত্তি পায়। ১৯৭৯ সালে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রকল্পটি টাঙ্গাইলে সম্প্রসারিত হয়। পরে ১৯৮৩ সালের ২ অক্টোবর সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা পায় গ্রামীণ ব্যাংক।

২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

সদস্যদের আমানতেই ঋণ কার্যক্রম

ক্ষুদ্রঋণের পাশাপাশি গ্রামীণ ব্যাংক গৃহঋণ, শিক্ষাঋণ, কৃষিঋণ, ব্যবসায়িক ঋণ ও পশুপালন ঋণ দিয়ে থাকে। সদস্যদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণেও রয়েছে বিভিন্ন কর্মসূচি। ২০২০ সালে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫২ কোটি চারা রোপণ করা হয়েছে।

ব্যাংকটির ঋণ বিতরণের প্রধান উৎস সদস্যদের আমানত। ২০২৫ সালের শেষে সদস্যদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৪১৬ কোটি ৯৯ লাখ টাকা। একই সময়ে ঋণ স্থিতি ছিল ১৭ হাজার ৩৭৮ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ, ঋণের তুলনায় আমানত বেশি ছিল ৩৮ কোটি ৮৯ লাখ টাকা।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ঋণ বিতরণের প্রয়োজনীয় অর্থের শতভাগের বেশি সদস্যদের আমানত থেকে সংগ্রহ করা হচ্ছে।

গ্রামীণ ব্যাংক মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পাশাপাশি বিভিন্ন তহবিলে অর্থ বরাদ্দ করে। ২০২৪ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে দেওয়া হয়েছে ৩৭ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা। এ ছাড়া সাধারণ রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলসহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেছেন, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এর মালিক ঋণগ্রহীতা সদস্যরা। ফলে প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই সদস্যরা। তাদের অধিকাংশই গ্রামের দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে ক্ষতির মুখে পড়বে সরকারও।
ad728
ad600