ঢাকা | বঙ্গাব্দ
ad728

নিজস্ব আইনে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো : ইউজিসি

শিক্ষা ডেস্ক
ফেসবুকে শেয়ার
নিজস্ব আইনে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো : ইউজিসি
ইউজিসির সভায় গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিতে পারবে। এ সিদ্ধান্তের ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে।

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। সভায় ইউজিসির সব সদস্য এবং ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।

সভায় গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে ৯ নভেম্বরের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজস্ব আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হয়।

তবে ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের ভুল-বোঝাবুঝি তৈরি হয়। তা নিরসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে অবস্থান স্পষ্ট করতেই বুধবার বিশেষ সভা ডাকা হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।


বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রথম সিদ্ধান্তে গত ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। এ ক্ষেত্রে যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্তও অনুসরণ করতে হবে।

সভায় উল্লেখ করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
ad728
ad600