বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। তবে টিউশন ফি ও থাকা-খাওয়ার খরচের চিন্তায় অনেকের সেই স্বপ্ন থেমে যায়। তাদের জন্য সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসে (কেএফইউপিএম) রয়েছে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ।
বিশ্ববিদ্যালয়টির ২০২৬ সালের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে না। পাশাপাশি মাসিক ভাতা, আবাসন, চিকিৎসাসেবা ও বইয়ের খরচসহ বেশ কিছু সুবিধা দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় প্রশাসন এবং কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
বিষয়গুলোর মধ্যে আছে অ্যাকাউন্ট্যান্সি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিকস, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, নগর ও আঞ্চলিক পরিকল্পনা, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্কস ও কম্পিউটার সায়েন্স।
এ ছাড়া কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পরিবেশবিজ্ঞান, ভূতত্ত্ব, ভূ-পদার্থবিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যাসিউরেন্স অ্যান্ড সিকিউরিটি, লাইফ সায়েন্সেস, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গাণিতিক বিজ্ঞান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ফিজিকস, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ রয়েছে। সব বিষয়ে একই ডিগ্রি পর্যায়ে ভর্তির সুযোগ নেই; বিষয়ভেদে মাস্টার্স ও পিএইচডির সুযোগ নির্ধারিত।
বৃত্তির আওতায় যেসব সুবিধা
এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করবে বিশ্ববিদ্যালয়। জীবনযাত্রার খরচ মেটাতে দেওয়া হবে মাসিক ভাতা। পাশাপাশি শীতাতপনিয়ন্ত্রিত আসবাবসহ আবাসনের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে পাঠ্যবই পাবেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবারও ভর্তুকি মূল্যে পাওয়া যাবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে গবেষণা ও বই লেখার প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত এসব প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আরও কিছু সুবিধাও দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ-৪ এর মধ্যে কমপক্ষে ৩ হতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রধান বিষয়েও জিপিএ ৩ থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য চার বছর মেয়াদি বিএস ডিগ্রির পর এমএস ডিগ্রি থাকতে হবে। বিএস ও এমএস উভয় ডিগ্রিতে সিজিপিএ-৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।
এমবিএ প্রোগ্রামের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ-৪ এর মধ্যে কমপক্ষে ৩ হতে হবে। কলেজ পর্যায়ে ক্যালকুলাসের অন্তত একটি কোর্স সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে জমা দিতে হবে। প্রতিটি ফাইলের সর্বোচ্চ আকার হতে পারবে ২ মেগাবাইট। প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি। সৌদি আরবে বসবাসরতদের ক্ষেত্রে ইকামার কপি দিতে হবে।
মাস্টার্সের আবেদনকারীদের স্নাতক পর্যায়ের পূর্ণাঙ্গ নম্বরপত্র জমা দিতে হবে। পিএইচডির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ের নম্বরপত্র প্রয়োজন হবে। নম্বরপত্রে নেওয়া সব কোর্সের নাম ও গ্রেড থাকতে হবে। এটি অবশ্যই আনুষ্ঠানিক একাডেমিক নথি হতে হবে।
এ ছাড়া একাডেমিক রেফারিদের কাছ থেকে তিনটি সুপারিশপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার পর বিশ্ববিদ্যালয়ের সুপারিশপত্র জমার ব্যবস্থার মাধ্যমে এগুলো পাঠাতে হবে। এক পাতার স্টেটমেন্ট অব পারপাস দিতে হবে। এতে আবেদনকারীর পেশাগত ও গবেষণার লক্ষ্য তুলে ধরতে হবে।
পাশাপাশি সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষা ও কাজের অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণসহ জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে। নারী আবেদনকারীদের ক্ষেত্রে ছবি ঐচ্ছিক। আন্তর্জাতিক এমবিএ আবেদনকারীদের জিএমএটি স্কোরও জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। এ জন্য কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এ বৃত্তিতে আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০২৬।


.jpg)
















