ঢাকা | বঙ্গাব্দ
ad728

এমআইএসটির সমাবর্তনে ডিগ্রি পেলেন ৩৬৬৮ শিক্ষার্থী, স্বর্ণপদক ৮০

শিক্ষা ডেস্ক
ফেসবুকে শেয়ার
এমআইএসটির সমাবর্তনে ডিগ্রি পেলেন ৩৬৬৮ শিক্ষার্থী, স্বর্ণপদক ৮০
এমআইএসটির ১৯তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ১৯তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে ডিগ্রি পেয়েছেন ৩ হাজার ৬৬৮ শিক্ষার্থী। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তাদের মধ্যে মোট ৮০ জনকে দুই ধরনের স্বর্ণপদক দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে এমআইএসটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই  সমাবর্তন।

একই দিনে এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। পরে নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কাউন্সিল অব এমআইএসটির সভাপতি এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবর্তনে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৮ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৯৪৩ জন সামরিক, ২ হাজার ৭১৮ জন বেসামরিক এবং ৭ জন বিদেশি শিক্ষার্থী।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৫ জন শিক্ষার্থীকে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ এবং ৬৫ জনকে ‘এমআইএসটি মেডেল’ দেওয়া হয়। ২০০২ থেকে ২০০৯ এবং ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এসব পদক দেওয়া হয়েছে।

সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী। সফলভাবে শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, দেশপ্রেমিক, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত ও দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তোলা জরুরি। এমআইএসটিকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে মেধা ও মননের পূর্ণ বিকাশের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবর্তনের গ্রাজুয়েশন স্পিকার ছিলেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও প্রকৌশলী আবুল হায়াত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার পাশাপাশি পিতা-মাতা, শিক্ষক ও দেশের সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে অনুষ্ঠিত এমআইএসটির ২৩তম কাউন্সিল সভায় প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠানের চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষ সাধনে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।

কাউন্সিল সভা শেষে শিক্ষামন্ত্রী নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং দলগত সহযোগিতা গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। নতুন এই কমপ্লেক্স শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্পখাতভিত্তিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে এমআইএসটি ৩৫টি স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালুর উদ্যোগ নিয়েছে। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হবে।

আগামী শিক্ষাবর্ষ থেকে এমআইএসটির নিয়মিত চারটি ব্যাচের পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি ব্যাচ ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই নতুন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। এতে এমআইএসটির শিক্ষা কার্যক্রম জাতীয় শিক্ষাসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। এসব উদ্যোগের ফলে প্রতিষ্ঠানের একাডেমিক সক্ষমতা প্রায় ২৭ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, এমআইএসটির কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক, গ্রাজুয়েট শিক্ষার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ad728
ad600